পুলিশের হাত থেকে রেহাই পেতে নয়, নিরাপদে বাড়ি ফিরে পরিবারের সঙ্গে দেখা করার জন্য হেলমেট পড়ুন -এই শ্লোগানে হেলমেট পরিহিত মোটরবাইক চালকদের রজনীগন্ধা ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন নেত্রকোণার পুলিশ সুপার (এসপি) মোঃ তরিকুল ইসলাম।
ট্রাফিক আইন যথাযথ মানা এবং মাথায় হেলমেট পড়ে মোটরসাইকেল চালানোর জন্য মোটরসাইকেল চালকদের আরও সচেতন করতে এমন ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে নেত্রকোণা জেলা পুলিশ ও নেত্রকোণা ট্রাফিক বিভাগ। তারই আলোকে বুধবার (২৮ অক্টোবর) দুপুরের দিকে শহরের ব্যস্ততম এলাকা ফৌজদারি ব্রিজ মোড়ে এই কর্মসূচীর উদ্বোধন করা হয়।
এ সময় এসপি মোঃ তরিকুল ইসলাম মোটরসাইকেল চালকদের উদ্দেশ্যে বলেন, বাংলাদেশে প্রতিনিয়ত সড়ক দুর্ঘটনায় অসংখ্য মানুষ মারা যাচ্ছে। দুর্ঘটনার শিকার বেশীর ভাগই মোটরসাইকেল চালক। নিজের নিরাপত্তার জন্য, স্বজরদের মুখে হাসি ধরে রাখার জন্য মোটরসাইকেল চালকদের অবশ্যই হেলমেট মাথায় দিয়ে গাড়ি চালাতে হবে। এতে দুর্ঘটনার কবল থেকে চালকরা সুরক্ষায় থাকবেন, তাদের পরিবারটিও থাকবে স্বস্থিতে।
তিনি বলেন, হেলমেট ছাড়া মোটরসাইকেল চালানো ট্রাফিক আইনে বড় অপরাধ। চালকদের সচেতন করতেই পুলিশ মাঠে নেমেছে।

কর্মসূচীর অংশ হিসেবে সড়কে আগত মোটরসাইকেল চালকদের থামানো হয়। এ সময় হেলমেট পরিহীত চালকদের হাতে রজনিগন্ধা স্টিক তুলে দেন এসপি মোঃ তরিকুল ইসলাম। অপরদিকে, মাথায় হেলমেট না থাকায় কতিপয় চালকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ ও তাৎক্ষণিক হেলমেট দেওয়া হয়। এ ছাড়া, সড়কে চলাচল বিষয়ে সংশ্লিষ্টদের সচেতন করাসহ হেলমেট পরার অভ্যাস গড়ে তোলার জন্য আহবান জানানো হয়।
পুলিশের ফুল পেয়ে খুশী মোটর সাইকেল চালকদের কেউ কেউ জানান, যখন পুলিশ থামতে বলে, ভেবেছিলাম না জানি কোন বিষয়ে ধরা খাইছি। প্রথমে ভয়ে ভয়ে ছিলাম। পরে পুলিশ সুপার নিজে হাতে ফুল দিলে বিস্মিত হই। পুলিশের এই উদ্যোগ খুবই প্রশংসনীয়।
কার্যক্রম চলাকালে অন্যান্যের মধ্যে অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোঃ হাফিজুল ইসলামসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, ট্রাফিক বিভাগে কর্মরত পুলিশ অফিসার ও সদস্যবৃন্দ গণমাধ্যমকর্মীগণ উপস্থিত ছিলেন।





