২ আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

মক্কায় ড্রোন হামলা চেষ্টার নিন্দা জানাল কাতার

Published: September 17, 2026, 12:05 pm

পবিত্র নগরী মক্কায় ইয়েমেনের হুথি বিদ্রোহীদের ড্রোন হামলা চেষ্টার ঘটনায় কড়া প্রতিক্রিয়া জানিয়েছে কাতার। কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এই ঘটনাকে ‘লজ্জাজনক আগ্রাসন’ হিসেবে অভিহিত করেছে। মন্ত্রণালয় স্পষ্টভাবে জানিয়েছে, পবিত্র স্থানগুলোর নিরাপত্তা এবং সেখানে আসা দর্শনার্থীদের সুরক্ষা বিঘ্নিত হয় এমন কোনো কাজ বা সংঘাতের লক্ষ্যবস্তু বানানো কোনোভাবেই সমর্থনযোগ্য নয়।

নিজেদের ভূখণ্ড, ইসলামি পবিত্র স্থাপনা এবং তীর্থযাত্রীদের সুরক্ষায় সৌদি আরব সরকার যে পদক্ষেপ গ্রহণ করেছে, তার প্রতি দোহা পূর্ণ সমর্থন জানিয়েছে। উল্লেখ্য, এর আগে সৌদি কর্তৃপক্ষ জানিয়েছিল যে, মক্কা অভিমুখে হুথিদের ছোড়া একটি ড্রোন আকাশসীমার মধ্যেই তারা প্রতিহত ও ধ্বংস করতে সক্ষম হয়েছে।

তবে ড্রোন হামলা চালানোর এই অভিযোগ পুরোপুরি প্রত্যাখ্যান করেছে হুথি বিদ্রোহীরা। সৌদি আরবের আনা এই অভিযোগকে হুথিরা ‘ন্যক্কারজনক মিথ্যা’ বলে দাবি করেছে।