
সৌদি আরব ও সিরিয়ার মধ্যে প্রতিরক্ষা খাতসহ দ্বিপাক্ষিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচনে একটি গুরুত্বপূর্ণ চুক্তি স্বাক্ষরিত হয়েছে। সম্প্রতি সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল-শারা রিয়াদ সফরে গিয়ে ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের সঙ্গে বৈঠক করেন। এক মাসের ব্যবধানে এটি তাদের দ্বিতীয় বৈঠক, যেখানে দুই দেশের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মধ্যে সামরিক সহযোগিতার বিষয়ে সমঝোতা স্মারক সই হয়। বৈঠকেই উভয় দেশের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মধ্যে সামরিক সহযোগিতার এই চুক্তিতে সই হয়।
ইয়েমেনের ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীদের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার মুখে সৌদি আরব নিজেদের আঞ্চলিক নিরাপত্তা ব্যবস্থা ঢেলে সাজাতে তৎপর। এই সামরিক চুক্তির মাধ্যমে সিরিয়া সৌদি আরবকে কী ধরনের সহযোগিতা প্রদান করবে, তার একটি রূপরেখা তৈরি হয়েছে। সিরিয়ার এক কূটনীতিক জানিয়েছেন, দুই দেশের সামরিক অভিজ্ঞতা বিনিময় ও প্রযুক্তিগত সহায়তা এখন থেকে সরকারি চুক্তির অধীনেই পরিচালিত হবে। সামরিক চুক্তির বিস্তারিত তথ্য এখনও প্রকাশ করা হয়নি।
প্রতিরক্ষা সহযোগিতার পাশাপাশি সিরিয়ার অভ্যন্তরীণ অবকাঠামো ও অর্থনৈতিক উন্নয়নের জন্য ৪০ কোটি ডলারের বেশি ঋণ সহায়তা অনুমোদনের সিদ্ধান্ত নিয়েছে সৌদি কর্তৃপক্ষ।
২০২৪ সালের শেষ দিকে বাশার আল-আসাদ সরকারের পতনের পর থেকে যুদ্ধবিধ্বস্ত সিরিয়াকে পুনরায় আন্তর্জাতিক অঙ্গনে সক্রিয় করতে এবং অর্থনৈতিক স্থিতিশীলতা ফেরাতে শুরু থেকেই সহায়তা দিয়ে আসছে রিয়াদ। নতুন এই চুক্তিটি দুই দেশের কূটনৈতিক ও কৌশলগত অংশীদারিত্বকে আরও শক্তিশালী করবে বলে আশা করা হচ্ছে।





