২০ কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

লুসাইল ঈদগাহ মাঠে বৃষ্টির প্রার্থনায় আমীর শেখ তামিম

Published: November 5, 2026, 4:35 pm

অনাবৃষ্টি থেকে মুক্তির আশায় ও আল্লাহর রহমতের বৃষ্টির কামনায় সুন্নাহ অনুসরণে কাতারজুড়ে পালিত হয়েছে সালাতুল ইস্তিস্কা। বৃহস্পতিবার (৫ নভেম্বর ২০২৬) সকালে লুসাইল ঈদগাহ মাঠে সমবেত হাজারো মুসল্লির সঙ্গে জামাতে অংশ নেন কাতারের আমীর শেখ তামিম বিন হামাদ আল-থানী।

আমীরের সঙ্গে এই বিশেষ নামাজে উপস্থিত ছিলেন আমীরের ব্যক্তিগত প্রতিনিধি শেখ জসিম বিন হামাদ আল-থানী, শেখ আবদুল্লাহ বিন খলিফা আল-থানী, শেখ মোহাম্মদ বিন খলিফা আল-থানী ও শেখ জসিম বিন খলিফা আল-থানী। এছাড়া শুরা কাউন্সিলের স্পিকার হাসান বিন আবদুল্লাহ আল-গানেমসহ সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা, মন্ত্রী, রাজপরিবারের সদস্য ও বিশিষ্ট ব্যক্তিবর্গ লুসাইল মাঠে সাধারণ নাগরিকদের পাশে দাঁড়িয়ে নামাজ আদায় করেন।

নামাজ ও মোনাজাত শেষে খুতবা প্রদান করেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ডা. ইয়াহিয়া বাত্তি আল-নুআইমি। তিনি উপস্থিত মুসল্লিদের বিনম্রচিত্তে তওবা করা ও আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনার আহ্বান জানান। ডা. ইয়াহিয়া উল্লেখ করেন, বৃষ্টির বিলম্ব ও অনাবৃষ্টি মানুষকে সৃষ্টিকর্তার ওপর পূর্ণ নির্ভরতার কথা স্মরণ করিয়ে দেয়। এই প্রতিকূল সময়ে বেশি বেশি ইস্তিগফার, দান-সদকা ও সৎকাজের ওপর তিনি জোর দেন।

খুতবায় পানিকে মহান আল্লাহর অশেষ নিয়ামত হিসেবে উল্লেখ করে দেশের নাগরিক ও প্রবাসীদের উদ্দেশ্যে বিশেষ দিকনির্দেশনা দেওয়া হয়। এর অপচয় রোধ করে সঠিক ব্যবহার নিশ্চিত করার পাশাপাশি প্রতিটি মুহূর্তে আল্লাহর শুকরিয়া আদায় করার আহ্বান জানানো হয়।