
বিগত সরকারের সময়কালে দেশের জিডিপির হিসাবে বড় ধরনের গরমিল পাওয়া গেছে বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। রোববার রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) মিলনায়তনে আয়োজিত এক আলোচনা সভায় তিনি জানান, বিশেষ কমিটির মাধ্যমে পরিচালিত ফরেনসিক অডিটে এসব অসংগতি চিহ্নিত করা হয়েছে। বিশেষজ্ঞদের পর্যালোচনা শেষে প্রতিবেদনটি শিগগিরই প্রকাশ করা হবে উল্লেখ করে খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘প্রশ্নবিদ্ধ পরিসংখ্যান দিয়ে কোনো কাজ করা যায় না।
পরিসংখ্যানের মান নিয়ে মন্তব্য করতে গিয়ে মন্ত্রী বলেন, প্রশ্নবিদ্ধ তথ্য দিয়ে কোনো সঠিক পরিকল্পনা করা সম্ভব নয়। এটি অনেকটা নিজের সঙ্গে প্রতারণা করার শামিল। তাই বিবিএসকে পূর্ণ স্বাধীনতা দেওয়ার পাশাপাশি প্রতিষ্ঠানের জনবল সংকটের বিষয়টিও সরকার গুরুত্বের সঙ্গে দেখছে। জনবলের ঘাটতির বিষয়টিও সরকার বিবেচনা করছে’—বলেন তিনি।
অতীতের অনিয়ম খুঁজে বের করতেই এই অডিট চালানো হয়েছে, কাউকে লক্ষ্যবস্তু করা এর উদ্দেশ্য নয় বলে জানান তিনি। মন্ত্রী আরও বলেন, তথ্য যত বেশি উন্মুক্ত হবে, ভুল ও অসংগতিগুলো তত সহজে সামনে আসবে, যা পরবর্তীতে সংশোধনের পথ প্রশস্ত করবে। বিশেষজ্ঞ পর্যালোচনার পর এই প্রতিবেদন দ্রুতই প্রকাশ করা হবে।





