
কাতারে যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সাথে পালিত হয়েছে ঐতিহাসিক ৭ই নভেম্বর, জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ২০২৬। দোহায় অবস্থিত বাংলাদেশ দূতাবাসে আয়োজিত এই অনুষ্ঠানে প্রবাসীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। দিবসের আনুষ্ঠানিকতার শুরুতে সকালে দূতাবাস প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে কর্মসূচির সূচনা করেন কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ হযরত আলী খান।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করা হয়। এরপর মহান মুক্তিযুদ্ধ, ১৯৭৫ সালের ৭ই নভেম্বরের সিপাহি-জনতার বিপ্লব ও ৯০ এর স্বৈরাচারবিরোধী আন্দোলনের সকল শহীদ এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রয়াত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াসহ দেশের স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষায় আত্মোৎসর্গকারী সকলের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। এছাড়া তাঁদের রুহের মাগফিরাত ও দেশের শান্তি-সমৃদ্ধি কামনায় বিশেষ মোনাজাত করা হয়। পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়।
দিবসটি উপলক্ষ্যে মহামান্য রাষ্ট্রপতি ও মাননীয় প্রধানমন্ত্রীর প্রেরিত পৃথক বাণী পাঠ করেন দূতাবাসের কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল সরদার ইশতিয়াক আহমেদ এবং মোহাম্মদ মাশহুদুল কবির। এছাড়া ৭ই নভেম্বরের ঐতিহাসিক প্রেক্ষাপট ও এর তাৎপর্য নিয়ে নির্মিত দুটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। দূতালয় প্রধান বারিকুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা পর্বে মূখ্য আলোচক হিসেবে অংশ নেন কাতারের নর্থওয়েস্টার্ন ইউনিভার্সিটির প্রফেসর ড. হাসান মাহমুদ। তিনি ১৯৭৫ সালের ৭ই নভেম্বরের প্রেক্ষাপট ও জাতীয় সার্বভৌমত্ব রক্ষায় সিপাহি-জনতার ঐক্যের গুরুত্ব তুলে ধরেন।
আলোচনা পর্বে অন্যদের মধ্যে বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম মোল্লা, জুলাই যোদ্ধা জিহাদ নুর চৌধুরী, কাতার বিএনপির সভাপতি আলহাজ্ব মোহাম্মদ আবু সাইদ, সাধারণ সম্পাদক শরিফুল হক সাজু, সাংগঠনিক সম্পাদক সালেহ আহমেদ খোকন এবং বিএনপি নেতৃবৃন্দ শামীম আহমেদ, একেএম আমিনুল হক, শাহজাহান সাজু, জাহাঙ্গীর আলম ভূঁইয়া, শফিকুল ইসলাম ও ইসমাইল মনসুর বক্তব্য রাখেন। এছাড়া বাংলাদেশ এমএইচএম স্কুল এন্ড কলেজের প্রিন্সিপাল মোহাম্মদ হোসেন আহমেদ সভায় বক্তব্য দেন। বক্তারা জাতীয় ঐক্য ও সংহতির চেতনা এবং দেশ গঠনে প্রবাসী বাংলাদেশিদের ভূমিকা নিয়ে বিশদ আলোচনা করেন।
রাষ্ট্রদূত মোহাম্মদ হযরত আলী খান তাঁর সমাপনী বক্তব্যে বলেন, সিপাহি-জনতার ঐক্যবদ্ধ চেতনাই জাতিকে বিভিন্ন সংকট উত্তরণের পথ দেখিয়েছিল। তিনি এই সংহতির চেতনায় উদ্বুদ্ধ হয়ে দেশের উন্নয়ন ও অগ্রযাত্রায় অবদান রাখতে প্রবাসীদের প্রতি আহ্বান জানান। একই সাথে তিনি স্বাগতিক দেশ কাতারের আইন ও সংস্কৃতির প্রতি শ্রদ্ধাশীল থেকে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে প্রবাসীদের পরামর্শ দেন।
অনুষ্ঠানের শেষভাগে সাংস্কৃতিক পর্বে বাংলাদেশ স্কুলের শিক্ষার্থী ও প্রবাসী সংস্কৃতিকর্মীরা কবিতা আবৃত্তি ও দেশাত্মবোধক গান পরিবেশন করেন। সবশেষে আমন্ত্রিত অতিথিদের ঐতিহ্যবাহী বাংলাদেশি খাবারে আপ্যায়ন করা হয়। অনুষ্ঠানে কাতার প্রবাসী বাংলাদেশ কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ, পেশাজীবী, শিক্ষাবিদ, গণমাধ্যমকর্মী এবং দূতাবাসের সকল কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন।





