
গত দেড় দশকে দেশের শিক্ষাব্যবস্থা ও গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে মন্তব্য করেছেন প্রেসিডেন্ট মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি জানিয়েছেন, বর্তমান সরকার এই ভেঙে পড়া শিক্ষাব্যবস্থা ও গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো পুনর্গঠনে অগ্রাধিকার ভিত্তিতে কাজ করছে। সোমবার বঙ্গভবনে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা সদস্য ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ড. হাসানুল এ. হাসানের নেতৃত্বাধীন একটি প্রতিনিধিদল প্রেসিডেন্টের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এ কথা বলেন।
সাক্ষাতের সময় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সাইফুল ইসলাম শিক্ষা ও গবেষণা কার্যক্রমসহ আন্তর্জাতিক র্যাংকিংয়ে তাদের অবস্থান সম্পর্কে প্রেসিডেন্টকে বিস্তারিত অবহিত করেন। এ সময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সমস্যা ও চাহিদার বিষয়গুলো প্রেসিডেন্টের সামনে তুলে ধরা হলে তিনি তা সমাধানের প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের আশ্বাস দেন। প্রেসিডেন্টের প্রেস সচিব মো. সরওয়ার আলম বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রতিনিধিদলটি আসন্ন সমাবর্তন অনুষ্ঠানে আচার্য হিসেবে প্রেসিডেন্টের উপস্থিতি কামনায় আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানান। প্রেসিডেন্ট এই আমন্ত্রণ সাদরে গ্রহণ করেন এবং সমাবর্তনে যোগ দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। এ সময় প্রেসিডেন্টের সামরিক সচিব, সচিব, প্রেস সচিব এবং বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের সদস্যরা উপস্থিত ছিলেন।





