২৪ কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

তারেক রহমান: বক্তব্য লাউড অ্যান্ড ক্লিয়ার, আমরা রাজপথে আছি

Published: November 9, 2026, 10:05 pm

ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন শুরুর পূর্বে জাতীয় সংসদ ভবনে সরকারদলীয় সংসদীয় দলের সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান। সভায় দেশের সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি, বিদ্যুৎ ও জ্বালানি খাতের অবস্থা এবং রমজান মাস সামনে রেখে নিত্যপণ্যের বাজারদর নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সংশ্লিষ্ট মন্ত্রীদের নিজ নিজ দপ্তরের কাজের অগ্রগতি সম্পর্কেও খোঁজ নিয়েছেন সরকারপ্রধান।

দলীয় সংসদ সদস্যদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী তারেক রহমান স্পষ্ট বার্তা দিয়ে বলেছেন, আমাদের অবস্থান লাউড অ্যান্ড ক্লিয়ার; আমরা রাজপথে আছি এবং ভবিষ্যতেও রাজপথেই থাকতে হবে। যেকোনো ধরনের ষড়যন্ত্র রাজপথেই কঠোরভাবে মোকাবিলা করার নির্দেশ দিয়েছেন তিনি।

সভার আলোচনার অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় ছিল ক্ষমতাচ্যুত ও বর্তমানে ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার প্রসঙ্গ। সভায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার দেশে ফেরার বিষয়টি সংক্ষেপে আলোচনায় আসে।

গত ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হওয়ার পর শেখ হাসিনা দেশ ছাড়েন। রয়টার্সের তথ্য অনুযায়ী, সোমবার দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে শেখ হাসিনার পক্ষে তার পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) জন্য লন্ডনের আইনি পরামর্শক প্রতিষ্ঠান ম্যাট্রিক্স চেম্বার্স আবেদন করেছে।

বিষয়টি নিয়ে সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, আমি খবরটি শুনেছি এবং টেলিভিশনে দেখেছি, তবে এর সত্যতা যাচাই করা এখনো বাকি। যদি এমন কোনো আবেদন করা হয়, তবে তার আইনগত ভিত্তি, আবেদনকারীর অধিকার ও সংশ্লিষ্ট নাগরিকত্ব আইন পর্যালোচনা করে দেখা হবে। এরপর আইন অথবা পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ বিষয়ে চূড়ান্ত বক্তব্য দেওয়া হবে।

শেখ হাসিনাকে ফিরিয়ে আনার বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, দণ্ডিত কোনো আসামি যদি বিদেশে আশ্রয় নিয়ে থাকেন, তবে তাকে ফিরিয়ে আনার জন্য বাংলাদেশ ও ভারতের মধ্যে বিদ্যমান প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে আনুষ্ঠানিক পত্র পাঠানো হয়েছে। আইন অনুযায়ী সব প্রথা ও নিয়ম মেনে সরকার এ বিষয়ে প্রয়োজনীয় পরবর্তী পদক্ষেপ গ্রহণ করবে। এ ক্ষেত্রে বিধি, আইন ও প্রচলিত প্রথা অনুসরণ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে সরকার।

উল্লেখ্য, সোমবারের ওই সংসদীয় সভায় দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ দলীয় সদস্যদের ব্রিফ করেন। এছাড়া স্থানীয় সরকার ও যোগাযোগ মন্ত্রণালয়ের অধীনে চলমান সড়ক সংস্কার ও উন্নয়ন প্রকল্প নিয়েও সভায় আলোচনা হয়েছে বলে জানা গেছে।