২৭ কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

ইতালিতে ই-মেইলে বোমা হামলার হুমকি: খালি করা হলো ৩০০ স্কুল

Published: November 11, 2026, 6:05 pm

ইতালিতে বুধবার (১১ নভেম্বর) ই-মেইলের মাধ্যমে বোমা হামলার হুমকি পাওয়ার পর দেশটির অন্তত ৩০০টি স্কুল খালি করা হয়েছে। আকস্মিক এই ঘটনায় শিক্ষার্থীদের নিরাপত্তার স্বার্থে তাদের নিরাপদ স্থানে সরিয়ে নেন সংশ্লিষ্টরা। ইউরোপজুড়ে তথাকথিত ‘হাইব্রিড যুদ্ধের’ আশঙ্কার মধ্যে এই ঘটনাটি ঘটল। এর আগেও বিভিন্ন সুপারমার্কেট, রক্তের ব্যাংক, আকাশপথে বিমান চলাচল ব্যবস্থা এবং টেলিভিশন সম্প্রচার কেন্দ্র লক্ষ্য করে একই ধরনের ভুয়া হুমকির ঘটনা ঘটেছে।

এ বিষয়ে ইতালির শিক্ষামন্ত্রী জুসেপ্পে ভালদিতারা স্থানীয় টেলিভিশন চ্যানেল লা৭-কে বলেছেন, বিপুলসংখ্যক স্কুলে একইসঙ্গে এমন বার্তা পাওয়ার অর্থ হলো হুমকিটির বিশ্বাসযোগ্যতা অত্যন্ত কম। আপাতত এসব হুমকিকে ভুয়া বলেই মনে করছেন তারা। তবে আক্রান্ত স্কুলের সংখ্যা ভবিষ্যতে আরও বাড়তে পারে বলে সতর্ক করেছেন মন্ত্রী। রোম পুলিশ বিভাগের একজন মুখপাত্র জানিয়েছেন, পুরো ঘটনাটি নিয়ে পুলিশি তদন্ত চলছে।

রোমের একটি স্কুল মেসেজিং অ্যাপের মাধ্যমে অভিভাবকদের আশ্বস্ত করে জানিয়েছে, সব শিক্ষার্থী এখন শিক্ষকদের তত্ত্বাবধানে নিরাপদে রয়েছে। রয়টার্সের দেখা ই-মেইলের অনুলিপি থেকে জানা যায়, বার্তাটিতে ‘মিখাইল আন্দ্রোপভ, ভিলায়াত অব মিসোজিনিস্তানের নেতা’ নামে স্বাক্ষর ছিল। একই ব্যক্তি এর আগে আয়ারল্যান্ড ও বুলগেরিয়ার সংবাদমাধ্যমের কার্যালয়েও বোমা হামলার হুমকি পাঠানোর দায় স্বীকার করেছিলেন।