
ইসরায়েল ও মরক্কো তাদের বিদ্যমান কূটনৈতিক মিশনগুলোকে পূর্ণাঙ্গ দূতাবাসে উন্নীত করার বিষয়ে একমত হয়েছে। বুধবার নিউইয়র্কে জাতিসংঘে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মাইক ওয়ালজের মধ্যস্থতায় আয়োজিত এক বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয়। এতে দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী গিদিওন এবং নাসিম বৌরিতা অংশ নিয়েছিলেন।
কূটনৈতিক সম্পর্ককে আরও গভীর করার লক্ষ্যে দুই পক্ষ বেশ কয়েকটি চুক্তিতে স্বাক্ষর করেছে। এর আওতায় কূটনৈতিক মিশনের মর্যাদাবৃদ্ধির পাশাপাশি দুই দেশের মধ্যে বাণিজ্যিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদারের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। একই সঙ্গে বিমান যোগাযোগ বৃদ্ধির ব্যাপারেও দুই দেশ সম্মত হয়েছে।
আগামী মাসগুলোতে উভয় দেশের উচ্চপর্যায়ের প্রতিনিধিদের সফরের পরিকল্পনাও হাতে নেওয়া হয়েছে। উল্লেখ্য, আব্রাহাম চুক্তির অংশ হিসেবে ২০২১ সালে মরক্কোর সঙ্গে ইসরায়েলের কূটনৈতিক সম্পর্ক স্থাপনের প্রক্রিয়াটি শুরু হয়েছিল, যা এবার পূর্ণাঙ্গ রূপ পেতে যাচ্ছে।





