১৫ আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

আন্তর্জাতিক রোবোটিকস প্রতিযোগিতায় ব্রোঞ্জ জিতল বাংলাদেশের টিম ব্লুপ্রিন্ট

Published: September 29, 2026, 5:19 pm

ভারতের হায়দরাবাদে গত ২৫ থেকে ২৭ সেপ্টেম্বর অনুষ্ঠিত হয়েছে ওয়ার্ল্ড রোবট অলিম্পিয়াডের এশিয়া-প্যাসিফিক ওপেন চ্যাম্পিয়নশিপ। এই মর্যাদাপূর্ণ আন্তর্জাতিক প্রতিযোগিতায় ফিউচার ইঞ্জিনিয়ার্স ক্যাটাগরিতে ব্রোঞ্জপদক অর্জন করেছে বাংলাদেশের ‘টিম ব্লুপ্রিন্ট’। বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্কের (বিডিওএসএন) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। ‘টিম ব্লুপ্রিন্ট’-এর সদস্য সৈয়দ সুবেহ-সাদিক, মো. আজমাইন শেখ রুবায়েদ এবং সাম্মান রাহিন এই সাফল্যে গর্বিত। ২৫ থেকে ২৭ সেপ্টেম্বর ভারতের হায়দরাবাদে অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় ফিউচার ইঞ্জিনিয়ার্স ক্যাটাগরিতে ব্রোঞ্জপদক পেয়েছে দলটি।

এবারের আয়োজনে বাংলাদেশ থেকে চারটি দল অংশ নিয়েছিল। এর মধ্যে ফিউচার ইনোভেটরস সিনিয়র ক্যাটাগরিতে আবিদা ওয়াদুদ এবং সাদমান আল হকের দল ‘টিম অডিসি এক্স’ সপ্তম স্থান অধিকার করেছে। দলের সদস্য আজমাইন শেখ রুবায়েদ জানান, আন্তর্জাতিক প্রতিযোগিতায় তৃতীয় স্থান অর্জন করা তাদের জন্য বড় আনন্দের। বিভিন্ন দেশের দক্ষ প্রতিযোগীদের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা তাদের ভবিষ্যতে আরও ভালো করার অনুপ্রেরণা জোগাবে। আন্তর্জাতিক বিচারক রেদওয়ান ফেরদৌস বলেন, নানা চ্যালেঞ্জ সত্ত্বেও বাংলাদেশ দল মেধা ও উপস্থিত বুদ্ধির মাধ্যমে শক্তিশালী প্রতিযোগীদের সঙ্গে দারুণভাবে লড়াই করেছে। এই ব্রোঞ্জপদক তাদের অসাধারণ পারফরম্যান্সের স্বীকৃতি।

বাংলাদেশ দলের দলনেতা ও ন্যাশনাল অর্গানাইজার প্রমি নাহিদ বলেন, আন্তর্জাতিক পর্যায়ে সাফল্যের জন্য শুধু রোবট তৈরিই যথেষ্ট নয়, বরং সমস্যা বিশ্লেষণ, সময় ব্যবস্থাপনা এবং দলগত সমন্বয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রতিকূলতা সামলে বাংলাদেশের তরুণরা নিজেদের সক্ষমতার পরিচয় দিয়েছে, যা তাদের ভবিষ্যতের জন্য আত্মবিশ্বাস বাড়াবে। তাদের কাছ থেকে অনেক কিছু শেখার পাশাপাশি নিজেদের দক্ষতাও যাচাই করতে পেরেছি। বাংলাদেশের দলগুলো প্রতিকূলতা সামলে নিজেদের দক্ষতা ও সক্ষমতা ভালোভাবে তুলে ধরেছে। এই অভিজ্ঞতা তাদের ভবিষ্যতের আন্তর্জাতিক প্রতিযোগিতার প্রস্তুতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমি মনে করি।’।

জাতীয় পর্যায়ে বিভিন্ন বিভাগে বিজয়ীদের নিয়ে বাংলাদেশ দল গঠন করা হয়েছিল। ঢাকা বিভাগে ৩৪টি, চট্টগ্রাম বিভাগে ২৬টি এবং রংপুর বিভাগে ১২টি দল জাতীয় পর্বে অংশগ্রহণ করে। শিক্ষার্থীদের রোবোটিকস ও বিশ্বমঞ্চে অংশগ্রহণে উৎসাহিত করার লক্ষ্যে জাতীয় পর্বের আগে দেশের পাঁচটি জেলায় যৌথভাবে ১৪টি অ্যাকটিভেশন প্রোগ্রাম আয়োজন করেছিল ওয়ার্ল্ড রোবট অলিম্পিয়াড বাংলাদেশ ও বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক। প্রসঙ্গত, ওয়ার্ল্ড রোবট অলিম্পিয়াড বাংলাদেশ জাতীয় পর্বে বিজয়ী শিক্ষার্থীদের নিয়ে বাংলদেশ দল গঠন করা হয়।