
রাজধানীর ইসিবি চত্বরে অবস্থিত নিউগিনি প্রপার্টিজে হামলা, ভাঙচুর ও লুটপাটের মামলায় মেজর জেনারেল (অব.) গোলাম মহিউদ্দিনকে (৬৬) গ্রেপ্তার করা হয়েছে। বুধবার দুপুর ২টা ৪৫ মিনিটে রাজধানীর সেগুনবাগিচার একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের গুলশান বিভাগের একটি টিম। বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার (গোয়েন্দা) মো. শফিকুল ইসলাম। ক্যান্টনমেন্ট থানায় দায়ের করা এই মামলায় গোলাম মহিউদ্দিন এজহারভুক্ত ৪ নম্বর আসামি। বুধবার দুপুর ২ টা ৪৫ মিনিটে রাজধানীর সেগুনবাগিচার একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের গুলশান বিভাগের একটি টিম।
ঘটনার প্রেক্ষাপট
গত ২৬ সেপ্টেম্বর দিবাগত রাতে রাজধানীর ইসিবি চত্বরের দক্ষিণ মানিকদীতে নিউগিনি প্রপার্টিজে হামলা ও লুটপাটের ঘটনা ঘটে। এ সময় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওসহ আশপাশের কয়েকটি বাড়ি ও স্থাপনায় ব্যাপক ভাঙচুর চালানো হয়। এই ঘটনার পরিপ্রেক্ষিতে নিউগিনি প্রপার্টিজের পরিচালক সাইফুল ইসলাম ভূঁইয়া বাদী হয়ে ক্যান্টনমেন্ট থানায় মামলা করেন। মামলাটিতে মোট ১৩ জনকে এজহারভুক্ত আসামি করা হয়েছে। তদন্তসাপেক্ষে এই মামলায় এখন পর্যন্ত মোট ছয়জনকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে। পুলিশের গোয়েন্দা বিভাগ ঘটনার পরবর্তী আইনি কার্যক্রম পরিচালনা করছে।





