৮ কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

ইতালির সিসিলিতে ১২ দফা ভূমিকম্প, জারি হলো সুনামি সতর্কতা

Published: October 24, 2026, 12:45 am

ভূমধ্যসাগরীয় উপকূলবর্তী ইতালির সিসিলি দ্বীপে শুক্রবার (২৩ অক্টোবর) দুপুর নাগাদ একের পর এক শক্তিশালী ভূকম্পন আঘাত হেনেছে। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানায়, স্থানীয় সময় সকাল ১০টা ১৯ মিনিটে সিসিলির উত্তরের ১০ কিলোমিটার গভীরে ৫ দশমিক ৭ মাত্রার প্রথম ভূমিকম্পটি রেকর্ড করা হয়। এরপর দুপুর পর্যন্ত অঞ্চলটিতে মোট ১২টি ভূকম্পন অনুভূত হয়েছে, যার মধ্যে ১১টির মাত্রা ৩-এর বেশি ছিল। সর্বোচ্চ ৫ মাত্রার এই কম্পনগুলোর কারণে উপকূলীয় এলাকায় সুনামি সতর্কতা জারি করা হয়েছে। সূত্র: দ্য ইন্ডিপেন্ডেন্ট ইউকে। প্রতিবেদনে বলা হয়েছে, উপকূলীয় এলাকার বাসিন্দাদের সতর্ক থাকতে এবং সমুদ্রের কাছাকাছি চলাচলে সাবধানতা অবলম্বন করতে কমলা স্তরের সুনামি সতর্কতা জারি করা হয়। এ সময় শিক্ষার্থীরা শ্রেণিকক্ষ ছেড়ে বেরিয়ে আসে এবং সরকারি দপ্তরগুলোও খালি করা হয়।

সিসিলির উত্তর উপকূলের পালার্মো শহর থেকে ৬০ মাইলেরও কম দূরত্বে ছিল এসব ভূমিকম্পের উৎপত্তিস্থল। ছয় লক্ষাধিক মানুষের জনপদ পালার্মো ছাড়াও পাত্তি, লিকাটা, কাপো দ্যোরলান্দো ও কাম্পোফেলিচে দি রোক্কেলা শহরের বাসিন্দারা তীব্র কম্পন অনুভব করেছেন। বিশেষ করে লিকাটা শহরটি উৎপত্তিস্থল থেকে প্রায় ১৮০ কিলোমিটার দূরে অবস্থিত। সিসিলির পশ্চিম উপকূলের ত্রাপানি শহরে নিরাপত্তা ঝুঁকি এড়াতে তাৎক্ষণিকভাবে একটি আদালত ভবন খালি করা হয়েছে। ভূকম্পনের পর থেকে স্থানীয় পর্যায়ে আতঙ্ক বিরাজ করছে এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন। দ্বীপটির প্রধান শহর পালার্মোর জনসংখ্যা প্রায় ৬ লাখ ৪৮ হাজার ২৬০। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে পালার্মো ও মেসিনা শহরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে শিক্ষার্থীদের সরিয়ে নেওয়া হয়েছে।