
কাতারের সড়কপথে চলাচল আরও নিরাপদ করতে এবং মারাত্মক দুর্ঘটনা রোধে চালকদের সচেতন থাকার ওপর জোর দিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। সাম্প্রতিক সময়ের সড়ক দুর্ঘটনাগুলো পর্যালোচনা করে মন্ত্রণালয় চালকদের জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ নির্দেশনা দিয়েছে। মূলত ট্রাফিক আইন সঠিকভাবে না মানার কারণে যে চারটি বড় ধরনের ঝুঁকি তৈরি হচ্ছে, তা চিহ্নিত করেছে কর্তৃপক্ষ।
মন্ত্রণালয়ের তথ্যমতে, রাস্তায় দুর্ঘটনা ঘটার প্রধান চারটি কারণ হলো হঠাৎ লেন পরিবর্তন করা, গাড়ি চালানোর সময় মনোযোগের অভাব, সামনের গাড়ির সঙ্গে পর্যাপ্ত দূরত্ব বজায় না রাখা এবং তাড়াহুড়ো করে মূল রাস্তায় প্রবেশ করা। বিশেষ করে, পাশের লেনটি পুরোপুরি ফাঁকা কি না তা যাচাই না করেই হুট করে লেন পরিবর্তন করা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। এমন অসতর্ক সিদ্ধান্তের ফলে পেছনের বা পাশের গাড়ির সঙ্গে সংঘর্ষের আশঙ্কা বহুগুণ বেড়ে যায়।
গাড়ি চালানোর সময় শতভাগ মনোযোগ বজায় রাখা জরুরি বলে মনে করছে কর্তৃপক্ষ। সামান্য অমনোযোগিতার কারণে চালক দ্রুত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা হারান, যা যেকোনো সময় বড় ধরনের বিপদের কারণ হতে পারে। এছাড়া সামনের গাড়ির খুব কাছাকাছি গাড়ি চালানোর প্রবণতা দুর্ঘটনার অন্যতম কারণ। যথেষ্ট নিরাপত্তা দূরত্ব বজায় না রাখলে সামনের গাড়িটি হঠাৎ ব্রেক কষলে পেছনের চালক গাড়ি থামানোর পর্যাপ্ত সময় পান না, ফলে দুর্ঘটনা অনিবার্য হয়ে ওঠে। একইভাবে, সংযোগ সড়ক থেকে মূল রাস্তায় ওঠার সময় অসাবধানতা ও তাড়াহুড়া করা মারাত্মক ঝুঁকির সৃষ্টি করে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এই সচেতনতামূলক প্রচারণার মূল লক্ষ্য হলো কাতারজুড়ে দুর্ঘটনার হার কমিয়ে আনা এবং নাগরিক ও প্রবাসীদের জন্য সড়ক ব্যবস্থা নিরাপদ রাখা। কর্তৃপক্ষ জানিয়েছে, ট্রাফিক আইন কঠোরভাবে মেনে চললে চালক নিজে সুরক্ষিত থাকার পাশাপাশি সামগ্রিক সড়ক ব্যবস্থাকেও অনেক বেশি নিরাপদ করে তোলা সম্ভব। তাই প্রতিটি চালককে আইন মেনে সতর্কতার সাথে গাড়ি চালানোর আহ্বান জানানো হয়েছে।





