৩১ আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

মক্কায় মসজিদে অনৈতিক কর্মকাণ্ড: দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

Published: October 16, 2026, 11:37 am

সৌদি আরবের পবিত্র নগরী মক্কার একটি মসজিদের ভেতরে অনৈতিক ও অশালীন কর্মকাণ্ডে লিপ্ত থাকার অভিযোগে দুই বাংলাদেশি নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে গত বুধবার এ তথ্য নিশ্চিত করেছে। দণ্ডপ্রাপ্তদের নাম নজরুল ইসলাম আবদুল বাসির এবং সিতি আখতার বলে জানা গেছে। মসজিদের পবিত্রতা নষ্ট করার মতো স্পর্শকাতর স্থানে অপরাধ সংঘটিত হওয়ায় সৌদি আইন অনুযায়ী এই কঠোর ব্যবস্থা নেওয়া হয়।

ঘটনার সূত্রপাত হয় যখন ওই দুই বাংলাদেশি নাগরিকের অনৈতিক কর্মকাণ্ডের দৃশ্য দেশটির নিরাপত্তা বাহিনীর নজরে আসে এবং তাঁদের গ্রেপ্তার করা হয়। আটকের পর প্রয়োজনীয় তদন্ত শেষে তাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ গঠন করে আদালতে উপস্থাপন করা হয়েছিল। শরিয়াহ আইনের ‘তাআজির’ বিধানের আওতায় বিচারক অপরাধের ভয়াবহতা ও স্থানগত পবিত্রতার বিষয়টিকে আমলে নিয়ে উভয়ের মৃত্যুদণ্ডের রায় দেন। পরবর্তী পর্যায়ে উচ্চতর বিচারিক কর্তৃপক্ষ এই রায় বহাল রাখলে তা চূড়ান্ত রূপ পায়।

মামলাটি চূড়ান্ত হওয়ার পর সৌদি আরবের পক্ষ থেকে রাজকীয় ডিক্রি বা আদেশ জারি করা হয়। সেই রাজকীয় আদেশের ভিত্তিতেই মক্কা অঞ্চলে বুধবার ওই দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে এ বিষয়ে কঠোর বার্তা দেওয়া হয়েছে। মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, পবিত্র স্থানগুলোর নিরাপত্তা নিশ্চিত করা এবং ধর্মীয় পবিত্রতা রক্ষার ক্ষেত্রে সৌদি সরকার বদ্ধপরিকর।

বিবৃতিতে আরও উল্লেখ করা হয় যে, ন্যায়বিচার প্রতিষ্ঠায় ও পবিত্র স্থানের মর্যাদা রক্ষায় শরিয়াহ আইনের প্রয়োগে সরকার অবিচল। এই ঘটনার মাধ্যমে সরকার একটি সতর্কবার্তা দিয়ে রেখেছে যে, ভবিষ্যতে কোনো ব্যক্তি ধর্মীয় পবিত্রতা লঙ্ঘন বা এ ধরনের কোনো অপরাধে লিপ্ত হলে সৌদি প্রচলিত আইন অনুযায়ী তাদের একইভাবে কঠোর শাস্তির মুখোমুখি হতে হবে।