
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের ব্যবহারের জন্য কাতারের কাছ থেকে একটি বোয়িং ৭৪৭ বিমান ধার চেয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। তবে কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল-থানি বিমানটি ধার না দিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রকে উপহার হিসেবে দেন। অ্যারিজোনা অঙ্গরাজ্যে নির্বাচনী প্রচারণায় অংশ নিয়ে স্থানীয় সময় বুধবার (১৪ অক্টোবর) এসব তথ্য জানান ট্রাম্প। ট্রাম্প বলেন, ‘আমি তাকে বললাম, তামিম, যদি সম্ভব হয়, তবে যুক্তরাষ্ট্র ও আমাদের বিমান বাহিনীর পক্ষ থেকে আমি কি আপনার ৭৪৭ বিমানটি কিছু দিনের জন্য ধার নিতে পারি।
ডোনাল্ড ট্রাম্প জানান, যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্টদের ব্যবহারের জন্য নির্ধারিত উড়োজাহাজগুলো বেশ পুরোনো হয়ে গেছে এবং সেগুলোর বয়স প্রায় ৩৫ বছর। তাই নতুন বিমান বহরে যুক্ত না হওয়া পর্যন্ত তিনি কাতারের আমিরের কাছে সাময়িকভাবে ব্যবহারের জন্য একটি বিমান ধার নেওয়ার প্রস্তাব নিয়ে ফোন করেছিলেন। ট্রাম্প ঘটনাটি বর্ণনা করে বলেন, ‘তিনি বললেন, না, না, না, না, না, না।
ফোনালাপের স্মৃতিচারণ করে ট্রাম্প বলেন, তিনি কাতারের রাষ্ট্রপ্রধানকে ফোন করে অনুরোধ জানান যাতে যুক্তরাষ্ট্র ও মার্কিন বিমান বাহিনীর জন্য বিমানটি কিছুদিন ব্যবহার করতে দেওয়া হয়। কারণ নতুন দুটি বোয়িং প্রেসিডেন্সিয়াল বহরে যুক্ত হতে ২০২৮ সাল পর্যন্ত সময় লাগবে। ট্রাম্প কাতারের আমিরকে একজন সম্মানিত, তরুণ ও অর্থবিত্তসম্পন্ন মানুষ হিসেবে উল্লেখ করেন।
তবে ট্রাম্পের ভাষ্যমতে, কাতারের আমির তাকে বিমানটি ধার দিতে অপারগতা প্রকাশ করেন। এর বদলে তিনি ট্রাম্পকে বন্ধু সম্বোধন করে বলেন যে তিনি বিমানটি ধার দেবেন না, বরং এটি যুক্তরাষ্ট্রকে উপহার হিসেবে দিয়ে দিচ্ছেন যেন তারা তা গ্রহণ করে।
কাতারের আমিরের প্রস্তাবের পর ট্রাম্প বিমানটি গ্রহণ করেন। জনসভায় তিনি বলেন, কেউ যখন একটি ৭৪৭ বিমান উপহার হিসেবে দেয়, তখন তাকে ‘ধন্যবাদ’ বলা ছাড়া অন্য কিছু বলার থাকে না এবং উপহার পেলে তা নেওয়াটাই স্বাভাবিক। মার্কিন বিমান বাহিনী কাতারের দেওয়া এই উপহারের নাম রেখেছে ‘ভিসি-২৫বি’। নতুন বোয়িং যুক্ত হওয়ার আগে পর্যন্ত এটি ‘এয়ার ফোর্স ওয়ান’ হিসেবে মার্কিন প্রেসিডেন্টদের কাজে ব্যবহৃত হবে।





