১১ কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাকা ও চট্টগ্রামের একাংশে আকস্মিক বিদ্যুৎ বিপর্যয়

Published: October 27, 2026, 2:43 pm

মঙ্গলবার (২৭ অক্টোবর) দুপুর ১২টা ৪৩ মিনিটের দিকে হঠাৎ বিদ্যুৎহীন হয়ে পড়ে রাজধানী ঢাকা ও চট্টগ্রামের বেশ কিছু এলাকা।

এই আকস্মিক বিপর্যয়ের ফলে সচিবালয়, বাংলাদেশ ব্যাংকসহ গুরুত্বপূর্ণ সরকারি ও বাণিজ্যিক স্থাপনাগুলো বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে। পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসি জানিয়েছে, এখন পর্যন্ত এই বিভ্রাটের সুনির্দিষ্ট প্রযুক্তিগত কারণ উদঘাটন করা সম্ভব হয়নি। তবে সিস্টেম স্বাভাবিক করতে ন্যাশনাল লোড ডেসপাস সেন্টার বা এনএলডিসির নিয়ন্ত্রণে জোরেশোরে কাজ চলছে এবং প্রকৌশলীরা ধাপে ধাপে বিদ্যুৎ সরবরাহ ফেরানোর চেষ্টা করছেন।

ডিপিডিসি থেকে প্রাপ্ত তথ্যানুযায়ী, গ্রিড বিপর্যয়ের কারণেই মূল বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়েছে। প্রাথমিক পর্যবেক্ষণে ধানমন্ডি-উলন গ্রিডে ত্রুটির আশঙ্কা করা হচ্ছে, তবে ডিপিডিসি বিষয়টি এখনো পুরোপুরি নিশ্চিত করতে পারেনি। এই বিপর্যয়ের কারণে ঢাকার ভুলতা, হরিপুর, সিদ্ধিরগঞ্জ, গুলশান, রামপুরা, উলন, মতিঝিল, মগবাজার, মধুবাগ, শান্তিনগর, মালিবাগ এবং খিলগাঁও এলাকায় বিদ্যুৎ সরবরাহ পুরোপুরি বন্ধ রয়েছে। এছাড়া চট্টগ্রামের একটি অংশেও একই পরিস্থিতি বিরাজ করছে। রাজধানীর মগবাজার, বনশ্রী, খিলগাঁওসহ ঢাকার পূর্বাঞ্চল ও চট্টগ্রামের একাংশে হঠাৎ বিদ্যুৎ বিপর্যয় দেখা দিয়েছে। সচিবালয়ের পূর্ত মন্ত্রণালয়ের বিদ্যুৎ বিভাগের দায়িত্বে থাকা এক কর্মকর্তা জানিয়েছেন, ডিপিডিসি থেকে তাদের জানানো হয়েছে— গ্রিড বিপর্যয়ের কারণেই মূলত সচিবালয়ে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ধানমন্ডি-উলন গ্রিডেই এ বিপত্তি ঘটে থাকতে পারে।

বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ায় স্থানীয় বাসিন্দারা নানা ভোগান্তিতে পড়েছেন। তবে পাওয়ার গ্রিড বাংলাদেশ নিশ্চিত করেছে যে, দেশের উত্তরাঞ্চলসহ অন্যান্য সব এলাকায় বিদ্যুৎ পরিস্থিতি বর্তমানে সম্পূর্ণ স্বাভাবিক ও সচল রয়েছে। বর্তমানে কেবল নির্দিষ্ট কিছু এলাকার সরবরাহ ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হয়েছে এবং পরিস্থিতি উন্নতির লক্ষ্যে জরুরি ভিত্তিতে কাজ করা হচ্ছে।