১১ আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

নেতানিয়াহুর ভিত্তিহীন অভিযোগ প্রত্যাখ্যান করল কাতার

Published: September 26, 2026, 3:20 pm

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু কাতারের বিরুদ্ধে যে বক্তব্য দিয়েছেন, তা তীব্র ভাষায় প্রত্যাখ্যান করেছে দোহা। কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. মাজেদ আল আনসারি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে এই কঠোর প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন।

জাতিসংঘের ওই অধিবেশনে নেতানিয়াহু দাবি করেছিলেন যে, ইসরায়েলের ভাবমূর্তি ক্ষুণ্ণ করতে এবং বিশ্বজনমত প্রভাবিত করতে কাতার সুনির্দিষ্টভাবে প্রচারণা চালাচ্ছে। তবে ড. মাজেদ আল আনসারি ইসরায়েলি প্রধানমন্ত্রীর এই দাবিকে সম্পূর্ণ ভিত্তিহীন ও কাল্পনিক বলে উড়িয়ে দিয়েছেন। তিনি স্পষ্ট ভাষায় জানান, ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েলি বাহিনী যে নজিরবিহীন নৃশংসতা ও মানবিক বিপর্যয় চালিয়েছে, বিশ্ববাসীর দৃষ্টি সেদিক থেকে সরিয়ে নিতেই এমন মনগড়া অভিযোগ তোলা হচ্ছে।

কাতার আরও জানিয়েছে, বর্তমান সময়ে তরুণ প্রজন্মের মধ্যে ইসরায়েলবিরোধী যে মনোভাব তৈরি হয়েছে, তাকে কোনো ধরনের ‘প্রভাব বিস্তারের প্রচারণা’ হিসেবে আখ্যায়িত করা ওই প্রজন্মের ন্যায়বোধের প্রতি চরম অবমাননার শামিল। বিশ্ববাসী তাদের চোখের সামনে যা ঘটছে, তা দেখেই নিজেদের মতামত গঠন করছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।

ড. মাজেদ আল আনসারি ইসরায়েলি নেতৃত্বের প্রতি আহ্বান জানিয়ে বলেন, কাতার বা অন্য কাউকে বলির পাঁঠা না বানিয়ে তাদের উচিত আন্তর্জাতিক আইন মেনে চলা এবং নিজেদের কাজের দায়ভার স্বীকার করা। নিজের রাজনৈতিক ব্যর্থতা ও মাঠপর্যায়ের অপরাধ ঢাকা দিতেই বারবার কাতারকে নিশানা করা হচ্ছে বলে তিনি মন্তব্য করেন।