১৮ কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

মজুরি বৃদ্ধির দাবিতে নারায়ণগঞ্জে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, টিয়ার শেল

Published: November 3, 2026, 6:43 pm

মজুরি বৃদ্ধির দাবিতে নারায়ণগঞ্জের ফতুল্লায় টানা দ্বিতীয় দিনের মতো উত্তাল হয়ে উঠেছে পোশাকশ্রমিকরা। মঙ্গলবার বেলা আড়াইটা থেকে বিকেল ৫টা পর্যন্ত ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের শিবু মার্কেট এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করেন তারা। এই আন্দোলনের ফলে গুরুত্বপূর্ণ ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। সকাল থেকেই যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এলাকাটিতে বিপুলসংখ্যক পুলিশ ও বিজিবি মোতায়েন রাখা হয়েছিল।

প্রত্যক্ষদর্শীদের তথ্য অনুযায়ী, দুপুরের খাবারের বিরতির পর কাঠের পুল এলাকার আবির ফ্যাশনের শ্রমিকরা কারখানায় না ঢুকে বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে তারা মাইক্রো ফাইবার, মেট্রো নিটওয়্যার ও আজাদ নিট কম্পোজিটসহ আশপাশের কয়েকটি কারখানার শ্রমিকদের সঙ্গে নিয়ে রাস্তায় নেমে আসেন। মিছিল নিয়ে শিবু মার্কেটের দিকে অগ্রসর হওয়ার সময় পুলিশের ব্যারিকেড ভেঙে তারা মূল সড়কে প্রবেশ করেন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আন্দোলনরত শ্রমিকরা লাঠি হাতে নিয়ে পুলিশের সাজোয়া যানের পাশে থাকা ঝুটের গাদায় আগুন ধরিয়ে দেন এবং বেশ কিছু গাড়ি ভাঙচুর করেন।

পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে বিকেল ৫টার দিকে পুলিশ লাঠিচার্জ ও টিয়ার শেল নিক্ষেপ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করতে শুরু করে। এ সময় শ্রমিকরাও পাল্টা ইটপাটকেল ছুড়লে দুপক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। সংঘর্ষে পুলিশের এক সদস্য গুরুতর আহত হয়েছেন এবং পুলিশের লাঠিচার্জে অন্তত একজন শ্রমিক আঘাত পেয়েছেন বলে জানা গেছে।

এ বিষয়ে নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) হাসিনুজ্জামান জানান, শুরুতে শ্রমিকদের শান্তিপূর্ণভাবে সরিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছিল। কিন্তু তারা সড়কে অগ্নিসংযোগ ও গাড়ি ভাঙচুর শুরু করলে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ার শেল ব্যবহার করতে বাধ্য হয়। শ্রমিকদের ছোঁড়া ইটের আঘাতে এক পুলিশ সদস্য আহত হয়েছেন। মঙ্গলবার দুপুরের পর থেকে হঠাৎ করেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এবং শ্রমিকরা কাজে যোগ না দিয়ে পুনরায় আন্দোলনে নামেন।