
মরিশাসের প্লেইন-দেস-পাপায়েস এলাকার মসজিদ রোডে ভয়াবহ এক দুর্ঘটনায় তিন বাংলাদেশি শ্রমিকের মৃত্যু হয়েছে। গত বুধবার বিকালে অ্যালুমিনিয়াম উৎপাদনকারী প্রতিষ্ঠানে কাজ করার সময় এই প্রাণহানির ঘটনা ঘটে। নিহতরা হলেন মো. মিরাজ হোসেন (৩৬), হোসেন মো. বেলাল (৩৭) ও সিকদার জুবায়েদ ইসলাম (২৫)। বুধবার (৪ নভেম্বর) বিকালে দেশটির প্লেইন-দেস-পাপায়েস এলাকার মসজিদ রোডে এ দুর্ঘটনা ঘটে। তারা সবাই প্লেইন-দে-পাপাই এলাকায় অবস্থিত একটি অ্যালুমিনিয়াম উৎপাদনকারী প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন।
স্থানীয় পুলিশের প্রাথমিক তথ্য অনুযায়ী, বিকাল ৫টা ৫৫ মিনিটের দিকে কনটেইনার থেকে কাচের প্যানেলভর্তি একটি ভারী বাক্স নামাচ্ছিলেন শ্রমিকরা। সে সময় হঠাৎ বাক্সটি তাদের ওপর পড়ে যায়। এতে ঘটনাস্থলেই তারা প্রাণ হারান।
দুর্ঘটনার খবর পেয়ে প্লেইন-দেস-পাপায়েস থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়। কী কারণে এবং কীভাবে বাক্সটি শ্রমিকদের ওপর পড়ে গেল, তা নিশ্চিত হতে এরই মধ্যে তদন্ত কার্যক্রম শুরু হয়েছে। এ ঘটনায় প্রবাসী বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে।





