
চট্টগ্রামের সাতকানিয়ায় কক্সবাজারগামী একটি পর্যটকবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের ডোবায় পড়ে অন্তত দুইজন নিহত হয়েছেন। দুর্ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ৩০ জন শিক্ষক ও শিক্ষার্থী। শনিবার ভোর চারটার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের কেরানীহাট রেলক্রসিং সংলগ্ন কেবিএম ইটভাটার সামনে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে।
নিহতরা হলেন কুমিল্লার বুড়িচং উপজেলার বাকশীমূল সুন্নিয়া ইসলামিয়া সিনিয়র মাদ্রাসার অর্থনীতি বিভাগের প্রভাষক সোহানা আফরোজ (৪৫) এবং একই মাদ্রাসার বাংলা বিভাগের প্রভাষক নাদেরা আফরোজের স্বামী সাখাওয়াত হোসেন ইসরাফিল (৫৬)। মাদ্রাসাটির আলিম পরীক্ষার্থী মো. তরিকুল ইসলাম জানান, শুক্রবার রাত দশটার দিকে শতাধিক শিক্ষার্থী ও শিক্ষক নিয়ে দুটি বাস কক্সবাজারের উদ্দেশে রওনা হয়েছিল। তাদের বহনকারী বাসটি দুর্ঘটনাকবলিত হয়। স্থানীয় বাসিন্দা, ফায়ার সার্ভিস ও হাইওয়ে থানা পুলিশের সম্মিলিত প্রচেষ্টায় আহতদের দ্রুত উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। মাদ্রাসার ২০২৬ সালের আলিম পরীক্ষার্থী মো. তরিকুল ইসলাম জানান, শুক্রবার রাত ১০টার দিকে মাদ্রাসা প্রাঙ্গণ থেকে দু’টি বাস শতাধিক শিক্ষার্থী, শিক্ষক ও কর্মচারী নিয়ে কক্সবাজারের উদ্দেশে রওনা হয়।
মাদ্রাসার সহকারী শিক্ষক আবদুর রহিম জানান, বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে ডোবায় পড়ে গেলে সামনের সারিতে থাকা দুইজন ঘটনাস্থলেই প্রাণ হারান। পানিতে ডুবে শ্বাসরোধ হয়ে তাদের মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। দোহাজারী হাইওয়ে থানার ওসি মো. নুরুল আবছার জানিয়েছেন, দুর্ঘটনাকবলিত বাসটি উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহগুলো স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। নিহত দু’জন বাসের সামনের আসনে ছিলেন।





