
দেশের ক্রীড়াঙ্গনকে ঢেলে সাজাতে এবং তৃণমূল পর্যায়ে অবকাঠামোগত মানোন্নয়নে একটি ব্যাপক কর্মপরিকল্পনা বাস্তবায়ন করা হচ্ছে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। তিনি জানান, দেশের প্রায় ৫১টি জেলা স্টেডিয়াম আধুনিকায়ন ও সংস্কারসহ নতুন ক্রীড়া স্থাপনা নির্মাণের কাজ অতিদ্রুত শুরু হবে। আগামী পাঁচ বছরের মধ্যে পর্যায়ক্রমে এসব উন্নয়ন কার্যক্রম সম্পন্ন করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
মঙ্গলবার বিকেলে নওগাঁ জেলা স্টেডিয়ামে ‘জেলা প্রশাসক আন্ত:উপজেলা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় প্রতিমন্ত্রী এসব কথা বলেন। অনুষ্ঠানের শুরুতে তিনি নওগাঁর গৌরবোজ্জ্বল ক্রীড়া ঐতিহ্যের কথা স্মরণ করে এই অঞ্চলের হারানো ক্রীড়াচর্চাকে পুনরুজ্জীবিত করার ওপর গুরুত্বারোপ করেন। তিনি ঘোষণা করেন, নওগাঁ জেলা স্টেডিয়ামের জরাজীর্ণ অবস্থা দূর করে সেখানে পূর্ণাঙ্গ প্যাভিলিয়ন গ্যালারি ও ইনডোর ফ্যাসিলিটিসহ আধুনিক সুযোগ-সুবিধা নিশ্চিত করা হবে।
ক্রীড়াবিদদের সামাজিক ও পেশাগত নিরাপত্তার বিষয়ে সরকার কঠোর অঙ্গীকারবদ্ধ বলে উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, খেলাধুলাকে একটি পূর্ণাঙ্গ ও সম্মানজনক পেশা হিসেবে প্রতিষ্ঠা করার লক্ষ্য নিয়ে কাজ চলছে। এত দিন সমাজ কেবল প্রথাগত চাকরির পেছনে ছুটলেও, এখন খেলাধুলাকে একটি টেকসই ক্যারিয়ার হিসেবে গ্রহণের উপযুক্ত পরিবেশ তৈরি করা হচ্ছে। ইতিমধ্যে দেশের তিন শতাধিক জাতীয় পর্যায়ের কৃতি ক্রীড়াবিদকে সরকারিভাবে ক্রীড়া ভাতা প্রদান শুরু হয়েছে বলেও তিনি জানান।
খেলোয়াড়দের ভবিষ্যৎ অনিশ্চয়তা দূর করতে সরকারি চাকরি ও কর্মসংস্থানের সুযোগ রাখার পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে জানিয়ে তিনি বলেন, বিশেষ করে উপজেলা ক্রীড়া অফিসার পদে অভিজ্ঞ ও প্রাক্তন প্রতিভাবান খেলোয়াড়দের নিয়োগে অগ্রাধিকার দেওয়ার বিষয়টি বিবেচনাধীন রয়েছে। এছাড়া তৃণমূলের প্রতিভা অন্বেষণের অংশ হিসেবে ‘নতুন কুঁড়ি’ প্রতিযোগিতার প্রথম আসরে অংশ নেওয়া ৩০৬ জন থেকে বাছাই করা ৪০ জন উদীয়মান ক্রীড়াবিদকে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে (বিকেএসপি) স্থায়ীভাবে ভর্তির সুযোগ করে দেওয়া হয়েছে। আগামী জানুয়ারি থেকে তাদের পড়াশোনা ও প্রশিক্ষণের যাবতীয় ব্যয়ভার রাষ্ট্র বহন করবে।
দেশের রাজনৈতিক পরিবর্তনের প্রেক্ষাপটে প্রতিমন্ত্রী বলেন, দীর্ঘ ১৭ বছরের ফ্যাসিস্ট স্বৈরাচারের বিরুদ্ধে লড়াইয়ে অনেকে আত্মত্যাগ করেছেন। বর্তমানে একটি সুন্দর নির্বাচনের মাধ্যমে বিএনপি সরকার গঠনের সুযোগ পেয়েছে এবং দল-মত নির্বিশেষে মানবিক বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করছে। তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, রাজনৈতিক পরিবর্তনের পর কিছু স্বৈরাচারের দোসর এখনো বিশৃঙ্খলা সৃষ্টির পাঁয়তারা চালাচ্ছে, যাদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। অনুষ্ঠানে দেশের রাজনৈতিক পরিস্থিতি ও ছাত্র-জনতার আন্দোলনের আত্মত্যাগের কথা স্মরণ করে প্রতিমন্ত্রী বলেন, দীর্ঘ ১৭ বছর ধরে চলা ফ্যাসিস্ট স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন-সংগ্রামে বহু নেতাকর্মী গুম ও হত্যাকাণ্ডের শিকার হয়েছেন এ। পুলিশ প্রশাসনসহ সকলের প্রতি কঠোর হুশিয়ারি উচ্চারণ করে তিনি বলেন, কোনো ধরনের স্বৈরাচার বা বিশৃঙ্খলাকারীকে আর কোনো ছাড় দেওয়া হবে না। যারা পতিত স্বৈরাচারী নেত্রী ও তাদের দোসরদের নিয়ে এখনো স্বপ্ন দেখছেন, তারা বোকার রাজ্যে বাস করছেন এবং দেশের জনগণ তাদের আর কখনোই মেনে নেবে না।
মাদকমুক্ত সমাজ গড়ায় খেলাধুলার বিকল্প নেই উল্লেখ করে তিনি বলেন, যুবসমাজকে অপরাধ থেকে দূরে রাখতে খেলাধুলাকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া জরুরি। উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম সভাপতিত্ব করেন। এতে বিশেষ অতিথি হিসেবে নওগাঁ-৫ আসনের সংসদ সদস্য জাহিদুল ইসলাম ধলু, নওগাঁ-১ আসনের মোস্তাফিজুর রহমান এবং নওগাঁ-৪ আসনের একরামুল বারি টিপু উপস্থিত ছিলেন। এছাড়াও নওগাঁ জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব এনামুল হক, পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম, জেলা বিএনপির সভাপতি আবু বক্কর সিদ্দিক নান্নু ও সাধারণ সম্পাদক মামুনুর রহমান রিপনসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তা ও ক্রীড়া সংগঠকরা অনুষ্ঠানে অংশ নেন।
আয়োজকরা জানান, জেলার ১১টি উপজেলা ও একটি পৌরসভাসহ মোট ১২টি দল এই টুর্নামেন্টে অংশ নিচ্ছে। উদ্বোধনী খেলায় মান্দা উপজেলা ২-১ গোলে রানীনগর উপজেলাকে হারিয়ে জয়লাভ করেছে।





