২৪ আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

অক্টোবরের প্রথম সপ্তাহে রেকর্ড প্রবাসী আয়

Published: October 9, 2026, 7:06 pm

চলতি অক্টোবর মাসের প্রথম সাত দিনে প্রবাসীরা পাঠিয়েছেন ৭৭ কোটি ৪০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স। প্রতি ডলার ১২৩ টাকা হিসেবে স্থানীয় মুদ্রায় এর পরিমাণ প্রায় ৯ হাজার ৫২০ কোটি টাকা। বৃহস্পতিবার এ তথ্য নিশ্চিত করেছেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান।

কেন্দ্রীয় ব্যাংকের হিসাব অনুযায়ী, গত বছরের একই সময়ের তুলনায় প্রবাসী আয় প্রবাহ বেড়েছে ১১ দশমিক ৮ শতাংশ। গত বছরের প্রথম সাত দিনে এই আয় ছিল ৬৯ কোটি ২০ লাখ ডলার। চলতি অর্থবছরের ১ জুলাই থেকে ৭ অক্টোবর পর্যন্ত দেশে মোট ৯৩৬ কোটি ৬০ লাখ ডলার রেমিট্যান্স এসেছে, যা গত বছরের একই সময়ের ৮২৭ কোটি ৮০ লাখ ডলারের তুলনায় ১৩ দশমিক ১০ শতাংশ বেশি।

এর আগে সদ্য সমাপ্ত সেপ্টেম্বর মাসে দেশে মোট ২৭৬ কোটি ৬০ লাখ ডলার রেমিট্যান্স এসেছিল। এছাড়া চলতি অর্থবছরের জুলাই মাসে ২৮৫ কোটি ৮৭ লাখ ৬০ হাজার এবং আগস্ট মাসে ২৯৬ কোটি ৬৬ লাখ ৮০ হাজার ডলার আয় এসেছে। সামগ্রিকভাবে দেশের অর্থনীতিতে রেমিট্যান্সের এই ধারাবাহিকতা বজায় রয়েছে। এর আগে, সদ্য বিদায় সেপ্টেম্বর মাসের পুরো সময়ে দেশে মোট ২৭৬ কোটি ৬০ লাখ (২.৭৬ বিলিয়ন) মার্কিন ডলারের রেমিট্যান্স বা প্রবাসী আয় এসেছে দেশে।

উল্লেখ্য, গত ২০২৪-২৫ অর্থবছরে দেশে মোট ৩০ দশমিক ৩২ বিলিয়ন ডলার রেমিট্যান্স এসেছিল, যা ২০২৫-২৬ অর্থবছরে বেড়ে ৩৫ দশমিক ৫৮ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছিল। প্রবাসীদের এই আয় দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ও অর্থনীতির ভিত্তিকে শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।