
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৫৪তম সমাবর্তন আগামী ২০২৭ সালের ২৬ জানুয়ারি, মঙ্গলবার অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ অনুষ্ঠানকে সুষ্ঠু, সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে আয়োজনের লক্ষ্যে প্রয়োজনীয় কার্যক্রম ও সার্বিক ব্যবস্থাপনা নিয়ে সম্প্রতি নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবন মিলনায়তনে এক গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় সমাবর্তনের বিভিন্ন প্রস্তুতি ও কারিগরি দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। অনুষ্ঠানটি সফল করার জন্য একটি নির্বাহী কমিটি ও একটি ব্যবস্থাপনা কমিটিসহ বিভিন্ন উপকমিটি গঠন করা হয়েছে।
সমাবর্তনে সভাপতিত্ব করবেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকার সম্মতি দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সমাবর্তন বক্তা হিসেবে উপস্থিত থাকবেন জাপানের সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রেসিডেন্ট অধ্যাপক ড. আতসুশি সুনামি। একাডেমিক কাউন্সিলের সুপারিশ ও সিন্ডিকেটের সিদ্ধান্ত অনুযায়ী, ড. আতসুশি সুনানিকে সম্মানসূচক ‘ডক্টর অব লজ’ ডিগ্রি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ট্রাস্ট ফান্ডের অন্যতম দাতা অধ্যাপক ড. মুহাম্মদ হারুনুর রশিদকে সম্মানসূচক ‘ডক্টর অব সায়েন্স’ ডিগ্রি প্রদান করা হবে।
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর জানিয়েছে, ২০২২ সালের ২০ নভেম্বর থেকে ২০২৬ সালের ৩০ নভেম্বরের মধ্যে প্রকাশিত বিভিন্ন পরীক্ষার ফলাফলের ভিত্তিতে যারা ডিগ্রি অর্জন করেছেন এবং পদকপ্রাপ্তরা এই সমাবর্তনে অংশগ্রহণের যোগ্য বলে বিবেচিত হবেন। আগ্রহীদের সমাবর্তনে অংশগ্রহণের আবেদন প্রক্রিয়া আগামী ১ নভেম্বর শুরু হয়ে ৩০ নভেম্বর পর্যন্ত চলবে।
উক্ত প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. আবদুস সালাম, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর আলম চৌধুরী, সিনেট সদস্য ও সংসদ সদস্য মো. আমানউল্লাহ আমান, খায়রুল কবির খোকন এবং এ কে এম ফজলুল হক মিলন। এছাড়া বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, হলের প্রাধ্যক্ষ, বিভাগের চেয়ারম্যান, ইনস্টিটিউটের পরিচালক ও অফিসপ্রধানরা সভায় অংশ নিয়ে তাদের মতামত ও করণীয় সম্পর্কে আলোচনা করেন।





