১ কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

ডাকসুর উদ্যোগে সম্পদ সংক্রান্ত ঘটনায় হওয়া মুঠোফোন ফিরে পেলেন

Published: October 15, 2026, 4:02 pm

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদের সমন্বয়ে দীর্ঘদিন আগে হারিয়ে যাওয়া স্মার্টফোন ফিরে পেলেন বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষার্থী। বৃহস্পতিবার ডাকসু সভাকক্ষে এক আনুষ্ঠানিক আয়োজনের মাধ্যমে উদ্ধার হওয়া এই মুঠোফোনগুলো শিক্ষার্থীদের হাতে তুলে দেন ডাকসু ভিপি সাদিক কায়েম।

ডাকসু সূত্রে জানা গেছে, অনেক আগে শিক্ষার্থীদের ব্যক্তিগত মুঠোফোন চুরি হয়ে যায়। পরবর্তীতে ভুক্তভোগীরা বিষয়টি ডাকসুর সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদককে জানালে তিনি ১৮ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন), রাঙামাটির সাইবার ক্রাইম ইউনিটের সঙ্গে যোগাযোগ ও নিবিড় সমন্বয় শুরু করেন। পুলিশের দীর্ঘ অনুসন্ধান ও তথ্যপ্রযুক্তিগত তৎপরতার মাধ্যমে ফোনগুলো উদ্ধার করা হয়। এরপর যথাযথ যাচাই-বাছাই শেষে আজ তা প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করা হয়েছে।

অনুষ্ঠানে ডাকসু ভিপি সাদিক কায়েম বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন সব জায়গা থেকে আমাদের ব্যর্থ প্রমাণ করার চেষ্টা করেছে এবং দায়িত্ব পাওয়ার পর থেকে পদে পদে বাধা তৈরি করা হয়েছে। তবে সব প্রতিকূলতা পেরিয়ে শিক্ষার্থীদের জন্য নিজেদের সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করে যাচ্ছি। ডাকসুর কাজ নিয়ে সমালোচনাকারীদের উদ্দেশে তিনি বলেন, শিক্ষার্থীদের যে কোনো প্রত্যাশা পূরণ করাই ডাকসুর কাজ। তাদের প্রত্যাশা মেটাতে যা যা করা প্রয়োজন আমরা ঠিক তা-ই করছি। ফোন ফিরে পেয়ে শিক্ষার্থীদের চোখে-মুখে যে আনন্দের ঝিলিক দেখা গেছে, সেটিই আমাদের কাজের বড় সার্থকতা।

ডাকসুর সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ বলেন, একজন শিক্ষার্থী টিউশনির কষ্টার্জিত টাকা জমিয়ে একটি ফোন কেনেন। অনেক সময় তা হারিয়ে গেলে বা চুরি হলে থানায় জিডি করেও কার্যকর ফলাফল মেলে না। তাই দায়িত্ব গ্রহণের পর থেকে শিক্ষার্থীদের এই ভোগান্তি নিরসনে আমরা সরাসরি আইন প্রয়োগকারী সংস্থার সঙ্গে সমন্বয়ের উদ্যোগ নিয়েছি। দ্রুততম সময়ে ফোন ট্র্যাকিং ও উদ্ধারে সহায়তার জন্য তিনি ১৮ এপিবিএন রাঙামাটির অধিনায়ক রেজাউল করিমসহ সংশ্লিষ্ট সাইবার ক্রাইম ইউনিটকে বিশেষ ধন্যবাদ জানান। রিজওয়ান মানসুরীর সঞ্চালনায় এই হস্তান্তর অনুষ্ঠানে আহমেদ শাকিলসহ বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।