
সরকারি মালিকানাধীন তিন ব্যাংক—সোনালী, জনতা ও রূপালীর ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এবং প্রধান নির্বাহী কর্মকর্তাদের (সিইও) চুক্তিভিত্তিক নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিল করা হয়েছে। এ তালিকায় রয়েছেন সোনালী ব্যাংকের মো. শওকত আলী খান, জনতা ব্যাংকের মো. মজিবর রহমান এবং রূপালী ব্যাংকের কাজী মো. ওয়াহিদুল ইসলাম। সোমবার অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে তিনটি আলাদা প্রজ্ঞাপন জারির মাধ্যমে এ সিদ্ধান্ত জানানো হয়। একই সঙ্গে পর্ষদকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।
অর্থ মন্ত্রণালয় থেকে পাঠানো চিঠিতে জনতা ও রূপালী ব্যাংকের বিষয়ে সরকারের সম্মতির কথা উল্লেখ করা হয়। চুক্তি অনুযায়ী এবং প্রচলিত আইন অনুসরণ করে পরবর্তী পদক্ষেপ নিতে বলা হয়েছে এসব ব্যাংকের পরিচালনা পর্ষদকে। তিন বছরের চুক্তিতে দায়িত্ব পাওয়া কাজী মো. ওয়াহিদুল ইসলাম রূপালী ব্যাংকের এবং মো. মজিবর রহমান জনতা ব্যাংকের এমডি ও সিইও হিসেবে কর্মরত ছিলেন।
অন্যদিকে, ২০২৪ সালের ৩০ অক্টোবর তিন বছরের জন্য সোনালী ব্যাংকের এমডি পদে যোগ দিয়েছিলেন মো. শওকত আলী খান। এর আগে তিনি বাংলাদেশ কৃষি ব্যাংকের এমডি হিসেবেও দায়িত্ব পালন করেন। সরকারের এই সিদ্ধান্তের ফলে এখন ব্যাংকগুলোর পরিচালনা পর্ষদ বিধি মেনে পরবর্তী সকল প্রশাসনিক ও আইনগত ব্যবস্থা গ্রহণ করবে।





