৪ কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

অনূর্ধ্ব-১৫ ফিফা বিশ্বকাপে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য বাংলাদেশের

Published: October 19, 2026, 10:20 pm

আগামী ২৪-৩০ অক্টোবর আজারবাইজানে হবে ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ ও ফেস্টিভ্যাল। পৃথিবীর ছয়টি মহাদেশের মোট ১৮৯টি দেশ ৩২টি গ্রুপে বিভক্ত হয়ে এই বিশ্বকাপে অংশ নেবে। ‘জি’ গ্রুপে বাংলাদেশ দলের প্রতিপক্ষ হিসেবে রয়েছে ওয়েলস, পর্তুগাল, বুরুন্ডি, ইন্দোনেশিয়া ও ফিজি। নির্ধারিত সূচি অনুযায়ী আগামী ২৫ ও ২৬ অক্টোবর গ্রুপ পর্বে প্রতিদিন দুটি করে মোট চারটি ম্যাচ খেলবে বাংলাদেশের ছেলেরা। প্রতিযোগিতার নিয়ম অনুসারে ৩২টি গ্রুপের শুধু চ্যাম্পিয়ন দলটিই নকআউট পর্বে খেলার সুযোগ পাবে এবং বাকি দলগুলো প্রতিদ্বন্দ্বিতা করবে প্লেট পর্যায়ে। ফিফা ‍বিশ্বকাপ ও ফেস্টিভ্যালে ২০ মিনিট করে দুই অর্ধ মিলিয়ে ম্যাচ হবে ৪০ মিনিটে, যেখানে প্রতিটি দলে আটজন করে খেলোয়াড় মাঠে নামবেন।

অধিনায়ক ও কোচের আশাবাদ

বিশ্বকাপ মিশনে রওয়ানা হওয়ার আগে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে বাংলাদেশ অনূর্ধ্ব-১৫ দলের অধিনায়ক ফাহিম হাসান নিজেদের লক্ষ্যের কথা জানান। ফাহিম বলেন, ‘আমাদের প্রথম লক্ষ্য গ্রুপ চ্যাম্পিয়ন হওয়া। গ্রুপে সেরা হওয়ার জন্যই আমরা লড়ব।’ শক্ত প্রতিপক্ষ পর্তুগাল ও ওয়েলসকে নিয়ে তিনি বলেন, ‘আমাদের প্রস্তুতি ভালোই হয়েছে। আমরা তাদের বিপক্ষে লড়াই করব।’ দলের কোচ আকবর হোসেন রিদন অনুশীলনের তথ্য জানিয়ে বলেন, ‘এক দিনে দুটি খেলা থাকবে, সেটা আমাদের জানা। সেই অনুযায়ী প্রস্তুতি নিয়েছি। প্রায় তিন মাস দলের অনুশীলন হয়েছে।’ তবে তাদের বিপক্ষে ভালো ফুটবল খেলতে দল প্রস্তুত বলে জানান ফাহিম।

ক্রীড়া প্রতিমন্ত্রীর দিকনির্দেশনা ও উপহার

এদিকে বিশ্বকাপগামী তরুণ দলকে উৎসাহিত করতে বাংলাদেশ ফুটবল ফেডারেশনে (বাফুফে) হঠাৎ পরিদর্শনে যান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। জাতীয় ফুটবল দলের সাবেক এই সফল অধিনায়ক খেলোয়াড়দের উদ্দেশে বলেন, ‘তোমাদের মতো আমিও এরকম চেয়ারে বসতাম। তোমরাই সামনে জাতীয় দলে খেলবে। ওয়েলস, পর্তুগালের মতো দলের সঙ্গে খেলার সুযোগ পাওয়া অনেক বড় ব্যাপার।’ এ সময় অধিনায়ক ফাহিম খেলোয়াড়দের জন্য মানসম্মত বুট দেওয়ার অনুরোধ জানালে ক্রীড়া প্রতিমন্ত্রী দলের সবাইকে বুট এবং দুই গোলরক্ষককে উন্নত মানের গ্লাভস সৌজন্য উপহার দেওয়ার ঘোষণা দেন।