
যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ দেশটির সামরিক বাহিনীর অত্যন্ত গুরুত্বপূর্ণ কর্মকর্তা লেফটেন্যান্ট জেনারেল ব্রেট সিলভিয়াকে বরখাস্ত করেছেন। সিলভিয়া মার্কিন জয়েন্ট স্টাফে কৌশল, পরিকল্পনা ও নীতিবিষয়ক পরিচালকের দায়িত্ব পালন করছিলেন এবং মার্কিন সামরিক পরিকল্পনা প্রণয়নে তার ভূমিকা ছিল অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এর আগে প্রতিরক্ষামন্ত্রী হেগসেথ লেফটেন্যান্ট জেনারেল জোসেফ ম্যাকগিকেও একইভাবে দায়িত্ব থেকে অব্যাহতির নির্দেশ দিয়েছিলেন।
ব্রেট সিলভিয়ার দায়িত্ব ছাড়ার বিষয়ে মার্কিন প্রতিরক্ষা দপ্তর থেকে আনুষ্ঠানিকভাবে কোনো কারণ জানানো হয়নি। তবে এমন একটি গুরুত্বপূর্ণ সময়ে তাকে সরিয়ে দেওয়ার বিষয়টি বিশেষ গুরুত্ব পাচ্ছে, যখন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে সম্ভাব্য সামরিক অভিযান নিয়ে নতুন করে চিন্তাভাবনা করছেন।
মার্কিন জয়েন্ট স্টাফের একজন মুখপাত্র আলজাজিরাকে জানান, দেশের জন্য ৩২ বছর ধরে দেওয়া ব্রেট সিলভিয়ার সম্মানজনক সেবার প্রতি জয়েন্ট স্টাফের চেয়ারম্যান ও পুরো বাহিনী কৃতজ্ঞ। মুখপাত্র আরও বলেন, তার এবং তার পরিবারের প্রতি শুভকামনা রইল, যাতে তিনি জীবনের নতুন অধ্যায় সফলভাবে শুরু করতে পারেন।





