১৩ কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

মানিক পশারীর সনদ ও মৃত্যু নিয়ে উচ্চপর্যায়ের তদন্ত

Published: October 29, 2026, 3:35 pm

মানিক পশারীর মৃত্যু, তার শেষকৃত্য এবং মুক্তিযোদ্ধা সনদের বৈধতা নিয়ে বিভিন্ন গণমাধ্যমে আসা প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করেছে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়। প্রকাশিত সংবাদের সূত্র ধরে উত্থাপিত নানা অভিযোগ ও প্রশ্নের প্রকৃত তথ্য উদঘাটনই এই কমিটির মূল উদ্দেশ্য। কমিটিকে দ্রুততম সময়ের মধ্যে নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠভাবে তদন্ত প্রতিবেদন মন্ত্রণালয়ে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, মুক্তিযুদ্ধের চেতনা ও মর্যাদা রক্ষায় অমুক্তিযোদ্ধাদের তালিকা থেকে নাম বাতিলের প্রক্রিয়া চলমান রয়েছে। তবে একই সঙ্গে প্রকৃত মুক্তিযোদ্ধাদের সম্মান ও মর্যাদা যাতে কোনোভাবেই ক্ষুণ্ন না হয়, সে ব্যাপারে মন্ত্রণালয় বদ্ধপরিকর। সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে যে, মুক্তিযুদ্ধের আদর্শে একটি সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে তারা নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, কোনো জালিয়াত ব্যক্তি বা গোষ্ঠী যেন রাষ্ট্রের স্রষ্টা মুক্তিযোদ্ধাদের নাম ব্যবহার করে দেশকে সংকটে ফেলতে না পারে, সে বিষয়ে মন্ত্রণালয় বিশেষ সজাগ রয়েছে। প্রকৃত মুক্তিযোদ্ধাদের সম্মান রক্ষায় মন্ত্রণালয়ের সকল কার্যক্রম চলমান থাকবে।