
হরমুজ প্রণালি দিয়ে অতিক্রম করার সময় মাইনের আঘাতে তিনটি তেলবাহী জাহাজে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) নৌবাহিনী এই দাবি করেছে। তাদের তথ্যমতে, জাহাজগুলো হরমুজ প্রণালির ‘অননুমোদিত’ একটি দক্ষিণাঞ্চলীয় নৌপথ ব্যবহারের চেষ্টা করছিল। আগুন লাগার পর জাহাজগুলো ওই এলাকায় বর্তমানে পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে।
ইরানি সংবাদমাধ্যম তাসনিম নিউজের খবরে আইআরজিসি নৌবাহিনীর উদ্ধৃতি দিয়ে জানানো হয়েছে, ট্যাংকারগুলো সেসময় তাদের সব রাডার ও নেভিগেশন ব্যবস্থা বন্ধ রেখেছিল। আইআরজিসির সতর্কবার্তা উপেক্ষা করে তারা অননুমোদিত ওই নৌপথ ব্যবহার করছিল। এই অননুমোদিত চলাচলের কারণে ওই এলাকায় পরিবেশ দূষণের আশঙ্কা তৈরি হয়েছে বলে জানিয়েছে আইআরজিসি। তাদের মতে, এই দুর্ঘটনার জন্য সংশ্লিষ্ট জাহাজগুলোর মালিক ও নাবিকেরাই দায়ী।
একইসঙ্গে মার্কিন সেন্ট্রাল কমান্ডের (সেন্টকম) দেওয়া তথ্যকে ‘সাইবার জগতের অলীক ধারণা’ অভিহিত করে তা উপেক্ষা করার জন্য নৌপরিবহন সংশ্লিষ্টদের সতর্ক করেছে আইআরজিসি। যেকোনো ধরনের উসকানিমূলক কর্মকাণ্ড কঠোরভাবে প্রতিহত করারও ঘোষণা দিয়েছে ইরানের এই সংস্থাটি।





