২১ কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

মাদক ব্যবসার প্রতিবাদ করায় পুলিশ সদস্যের হাত-পা ভাঙল দুর্বৃত্তরা

Published: November 6, 2026, 9:05 pm

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার তারাব পৌরসভার উত্তর মাসাবো এলাকায় মাদক কারবারিদের ভয়াবহ হামলার শিকার হয়েছেন আবুল কালাম (৩৫) নামে আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) এক সদস্য। বৃহস্পতিবার রাতে ছুটিতে থাকা অবস্থায় গ্রামের বাড়িতে তাকে ডেকে নিয়ে হাত-পা ভেঙে ও পায়ের রগ কেটে দেওয়ার অভিযোগ উঠেছে। বর্তমানে তিনি পঙ্গু হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।

স্থানীয় সূত্র ও পরিবারের ভাষ্যমতে, আবুল কালাম দীর্ঘদিন ধরেই এলাকায় মাদক ব্যবসার প্রতিবাদ করে আসছিলেন। এর আগে তিনি শাহাদাত হোসেন (৩২) ও এমদাদুল হক (২৯) নামে দুই মাদক কারবারিকে ধরিয়ে দিতে পুলিশকে সহায়তা করেছিলেন। এই ঘটনার জেরে শাহাদাত হোসেনের ছোট ভাই শাহজালাল তাকে বেশ কিছুদিন ধরে হুমকি দিয়ে আসছিলেন।

ঘটনার রাতে শাহজালাল ফোন করে আবুল কালামকে বাড়ি থেকে ডেকে নিয়ে যান। স্থানীয় এক নির্জন এলাকায় পৌঁছালে শাহজালাল ও তার ১০-১৫ জন সহযোগী দেশীয় অস্ত্র নিয়ে তার ওপর ঝাঁপিয়ে পড়ে। তারা পূর্বপরিকল্পিতভাবে আবুল কালামের ডান হাত ও বাম পা ভেঙে দেয় এবং মাটিতে লুটিয়ে পড়ার পর ডান পায়ের রগ কেটে দেয়। পুলিশ সদস্যের আর্তচিৎকারে স্থানীয়রা ছুটে এলে হামলাকারীরা দ্রুত এলাকা ত্যাগ করে। একপর্যায়ে তার ডাকচিৎকারে আশপাশের লোকজন ছুটে এলে দুর্বৃত্তরা পালিয়ে যান।

পুলিশ সদস্যের বাবা আব্দুল মালেক জানান, তার ছেলেকে পরিকল্পিতভাবে এই পৈশাচিক নির্যাতন করা হয়েছে। পরে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে তাকে প্রথমে স্থানীয় একটি বেসরকারি হাসপাতাল ও পরবর্তীতে জাতীয় অর্থোপেডিক হাসপাতালে ভর্তি করা হয়। কর্তব্যরত চিকিৎসকরা জানিয়েছেন, তার শারীরিক অবস্থা এখনো সংকটাপন্ন।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এইচ এম সালাউদ্দিন জানান, ছুটিতে গ্রামে এসে এক পুলিশ সদস্য মাদক কারবারিদের হামলার শিকার হয়েছেন। এ ঘটনায় ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এবং আইন অনুযায়ী অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি নিশ্চিত করেছেন। এ ঘটনায় লিখিত অভিযোগের ভিত্তিতে মামলা দায়ের ও সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।