
কিশোরগঞ্জের কটিয়াদীতে মাদকসেবীদের সঙ্গে বাগ্বিতণ্ডার জেরে গুরুতর আহত হয়েছেন জামায়াত নেতা ও সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) আখতারুজ্জামান রঞ্জনের বড় ছেলে শাহরিয়ার জামান রানা। বুধবার রাত সাড়ে ৭টার দিকে উপজেলার সহশ্রাম ধুলদিয়া ইউনিয়নের গচিহাটা বাজারে এই হামলার ঘটনা ঘটে। আহত ৫৪ বছর বয়সী রানা দুর্গাপুর গ্রামের বাসিন্দা। তাকে প্রথমে স্থানীয় হাসপাতালে এবং পরে অবস্থার অবনতি হলে ঢাকায় স্থানান্তর করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সন্ধ্যায় মেজর আখতারুজ্জামানের প্রতিষ্ঠিত গচিহাটা কলেজ মাঠে কয়েকজন যুবক মাদক সেবন করছিল। পাশ দিয়ে যাওয়ার সময় রানা তাদের বাধা দেন এবং মাঠ ছেড়ে চলে যেতে বলেন। এ সময় আফতাব উদ্দিন নামের এক কিশোর চলে যেতে অস্বীকৃতি জানালে রানা তাকে চড়-থাপ্পড় দেন। পরে আফতাব বাড়িতে গিয়ে বিষয়টি তার চাচা তাজুল ইসলামকে জানালে উত্তেজনা তৈরি হয়।
ভাতিজাকে মারধরের অভিযোগ পেয়ে তাজুল ইসলাম একটি ছুরি নিয়ে গচিহাটা বাজারে রানার খোঁজে বের হন। একপর্যায়ে স্থানীয় একটি ফার্মেসিতে বসে থাকা অবস্থায় রানার ওপর হামলা চালিয়ে তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যান তাজুল। পরে আশপাশের লোকজন তাকে উদ্ধার করে দ্রুত কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
হাসপাতালের চিকিৎসক ডা. আজিজুল হক জানান, রানার ডান হাতের নিচের বেশ কিছু অংশ ধারালো অস্ত্রের আঘাতে কেটে গেছে। প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানো হয়েছে। কটিয়াদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম জানান, এই ঘটনায় এখন পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ দায়ের করা হয়নি, তবে হামলাকারীদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। তবে হামলায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে অভিযান চলছে।





