
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে যথাযোগ্য মর্যাদায় ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে বিশেষ আলোচনা সভার আয়োজন করা হয়। এসব সভায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বর্ণাঢ্য রাজনৈতিক জীবন, ৭ নভেম্বরের ঐতিহাসিক তাৎপর্য এবং দেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠায় তার অসামান্য অবদানের বিষয়গুলো বিস্তারিতভাবে আলোচনা করা হয়।
দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে সরাইল সরকারি কলেজ, অরুয়াইল কলেজ, শাহবাজপুর হাইস্কুল, কুট্টাপাড়া হাইস্কুল, সরাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়, অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয়, কালিকচ্ছ পাঠশালা, চুন্টা এসি একাডেমি, পাকশিমুল হাইস্কুল, অরুয়াইল হাইস্কুল ও পানিশ্বর হাইস্কুলসহ বিভিন্ন মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানে এই আলোচনা সভাগুলো অনুষ্ঠিত হয়। এছাড়া উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত পৃথক আলোচনা সভায় ঐতিহাসিক প্রেক্ষাপট ও জাতীয় জীবনে দিবসের গুরুত্ব তুলে ধরা হয়।
অন্যদিকে, স্থানীয় বিএনপি ও এর অঙ্গসংগঠনের উদ্যোগে বিকেল সাড়ে ৪টায় এক বিশাল শোভাযাত্রা বের করা হয়। উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে শত শত নেতাকর্মী এতে অংশগ্রহণ করেন। শোভাযাত্রাটির নেতৃত্ব দেন উপজেলা বিএনপির সভাপতি আনিসুল ইসলাম ঠাকুর এবং সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুরুজ্জামান লস্কর তপু। তাদের সাথে বিভিন্ন ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকের নেতৃত্বে বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
শোভাযাত্রার অগ্রভাগে কয়েক শতাধিক মোটরসাইকেল এবং পেছনে কয়েক হাজার নেতাকর্মীর বিশাল বহর ঢাকঢোল বাজিয়ে সরাইলের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে। মিছিলটি উপজেলা সদরের কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় এসে শেষ হয়। সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে দিনের কর্মসূচির আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করা হয়।





