২৪ কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

দেশে ফেরার প্রস্তুতি: পাসপোর্ট চেয়ে নয়াদিল্লি হাইকমিশনে আবেদন শেখ হাসিনার

Published: November 9, 2026, 11:35 am

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফেরার আগ্রহ থেকে নতুন পাসপোর্ট এবং জাতীয় পরিচয়পত্র (এনআইডি) পাওয়ার জন্য আবেদন করেছেন। সোমবার ভারতের নয়াদিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনে তিনি এই আবেদন জমা দেন। রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, শেখ হাসিনার পক্ষে যুক্তরাজ্যের লন্ডনভিত্তিক আইনি প্রতিষ্ঠান ম্যাট্রিক্স চেম্বার্সের আইনজীবীরা হাইকমিশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রীতি রহমানের কাছে চিঠি পাঠিয়েছেন।

ছাত্র-জনতার প্রবল আন্দোলনের মুখে ২০২৪ সালের ৫ আগস্ট দেশ থেকে পালিয়ে ভারতে আশ্রয় নেওয়ার পর এটিই শেখ হাসিনার পক্ষ থেকে এ ধরনের প্রথম আনুষ্ঠানিক আবেদন। এই পদক্ষেপকে তাঁর দেশে ফেরার পরিকল্পনার সবচেয়ে স্পষ্ট ইঙ্গিত হিসেবে বিবেচনা করা হচ্ছে। সংশ্লিষ্টরা জানিয়েছেন, ডিসেম্বরের মধ্যে দেশে ফেরার লক্ষ্য নিয়ে তিনি এই প্রক্রিয়া শুরু করেছেন এবং আইনি আনুষ্ঠানিকতা শেষে ফেরার তারিখ নির্ধারণ করা হবে।

শেখ হাসিনা রয়টার্সকে জানিয়েছেন যে, তিনি দেশে ফিরে আদালতে আত্মসমর্পণ করতে আগ্রহী। উল্লেখ্য, গত বছরের নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে প্রাণঘাতী দমনপীড়নের দায়ে তাঁকে দোষী সাব্যস্ত করে অনুপস্থিতিতে মৃত্যুদণ্ড প্রদান করেছে। তবে নির্বাসনে থাকা শেখ হাসিনা তাঁর বিরুদ্ধে আনা এই অভিযোগগুলো বরাবরই অস্বীকার করে আসছেন।

হাইকমিশনে দেওয়া চিঠিতে আইনজীবীরা উল্লেখ করেন, গত অন্তর্বর্তী সরকারসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ শেখ হাসিনার পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র বাতিল করেছে। বর্তমান পরিস্থিতিতে আন্তর্জাতিক মানবাধিকার চুক্তি এবং তাঁর বাংলাদেশি নাগরিকত্বের অধিকার বিবেচনায় নিয়ে পাসপোর্ট ও এনআইডি ইস্যুর জন্য দ্রুত ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানানো হয়েছে।

উল্লেখ্য যে, শেখ হাসিনা বিভিন্ন মেয়াদে মোট ২০ বছর বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। দীর্ঘ সময় ক্ষমতায় থাকার পর ২০২৪ সালের গণ-অভ্যুত্থানে তাঁর শাসনের অবসান ঘটে। এরপর থেকে তাঁর দল আওয়ামী লীগের কার্যক্রম বাংলাদেশে নিষিদ্ধ রয়েছে এবং দলের অনেক নেতাকর্মী কারাবন্দি বা স্বেচ্ছানির্বাসনে জীবন কাটাচ্ছেন।

বর্তমানে শেখ হাসিনার দেশে ফেরার এই উদ্যোগ রাজনৈতিক ও আইনি ক্ষেত্রে নতুন করে চাঞ্চল্য সৃষ্টি করেছে। বাংলাদেশের বর্তমান সরকার দেশে স্থিতিশীলতা ফিরিয়ে আনার যে চেষ্টা করছে, এই পরিস্থিতিতে তাঁর প্রত্যাবর্তন দেশের রাজনৈতিক বিভাজনকে আরও গভীর করতে পারে বলে বিশ্লেষকরা মনে করছেন।

এদিকে শেখ হাসিনার দেশে ফেরার এই প্রক্রিয়া বাংলাদেশ ও ভারতের মধ্যে টানাপোড়েনে থাকা কূটনৈতিক সম্পর্কের মোড় ঘোরাতে পারে কি না, তা নিয়েও জল্পনা চলছে। এর আগে ভারত কর্তৃক তাঁকে আশ্রয় দেওয়ার পর থেকেই ঢাকা ও নয়াদিল্লির সম্পর্কে বড় ধরনের শীতলতা দেখা দিয়েছিল।

এ বিষয়ে রয়টার্সের পক্ষ থেকে ঢাকার প্রধানমন্ত্রী তারেক রহমানের মুখপাত্র এবং নয়াদিল্লিতে প্রীতি রহমানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। শেখ হাসিনা তাঁর এই আইনি লড়াইয়ের মাধ্যমে দেশে ফেরার পথ কতটা মসৃণ করতে পারবেন, এখন সেটিই দেখার বিষয়।