
অনেকেই বয়সের সাথে শরীরে নতুন তিল গজানো নিয়ে চিন্তিত থাকেন। এ বিষয়ে হলি ফ্যামিলি মেডিকেল কলেজ ও হাসপাতালের চর্মরোগ বিভাগের সাবেক প্রধান অধ্যাপক ডা. সৈয়দ আফজালুল করিম জানান, যেকোনো বয়সেই শরীরে নতুন তিল দেখা দেওয়া অস্বাভাবিক কিছু নয়। জন্মগতভাবে অনেকের শরীরে তিল থাকতে পারে, আবার কারও ক্ষেত্রে শৈশব বা কৈশোরে তিলের সংখ্যা উল্লেখযোগ্য হারে বেড়ে যায়। নাকি ছোট্ট একটি তিলেও মারাত্মক কিছু লুকিয়ে থাকতে পারে। একটি শিশু নিজের শরীরে এক বা একাধিক তিল নিয়ে জন্মাতে পারে। তবে জীবনের অন্যান্য পর্যায়েও যে তিলের সংখ্যা বাড়ে না, তা নয়।
বয়স বৃদ্ধির সাথে শরীরের তিলের রং হালকা হয়ে যাওয়া বা কিছু তিল অদৃশ্য হয়ে যাওয়াও স্বাভাবিক প্রক্রিয়ার অংশ।
নারীদের ক্ষেত্রে গর্ভাবস্থায় হরমোনের প্রভাবে বিদ্যমান তিলগুলো কিছুটা গাঢ় হতে পারে।
তবে ঠিক কী কারণে বয়সের সাথে তিলের সংখ্যা বৃদ্ধি পায়, তার সুনির্দিষ্ট কোনো কারণ এখনো বিজ্ঞানে প্রতিষ্ঠিত নয়। তবে চিকিৎসকদের মতে, সূর্যের অতিবেগুনি রশ্মির সংস্পর্শ এবং জিনগত বৈশিষ্ট্যের কারণে অনেকের শরীরে তিল বাড়তে পারে। মা-বাবার শরীরে তিলের আধিক্য থাকলে সন্তানদের ক্ষেত্রেও এমনটি হওয়ার সম্ভাবনা থাকে। অর্থাৎ বাবা কিংবা মায়ের পিঠজুড়ে বহু তিল থাকলে এ বৈশিষ্ট্য পেতে পারে সন্তানও।
তিল অপসারণের বিষয়ে অধ্যাপক ডা. সৈয়দ আফজালুল করিম বলেন, তিলের সংখ্যা বৃদ্ধি পাওয়া কোনো রোগ নয় এবং এটি স্বাস্থ্যের জন্য ক্ষতিকরও নয়। তিল যদি কারো কাছে অস্বস্তির কারণ হয়ে দাঁড়ায়, তবে বিশেষজ্ঞের তত্ত্বাবধানে তা অপসারণ করা যেতে পারে। তিল সমতল বা উঁচু হতে পারে, এমনকি তিলের ওপর থেকে চুলও গজাতে পারে—এসব নিয়ে ভয়ের কিছু নেই। অপসারণ সম্পূর্ণই ব্যক্তিগত ইচ্ছাধীন বিষয়।
তবে কিছু বিশেষ লক্ষণ দেখা দিলে সতর্ক হওয়া জরুরি, কারণ এগুলো ক্যানসারের উপসর্গ হতে পারে। তিলের প্রান্তভাগ অমসৃণ বা এবড়োখেবড়ো হওয়া, তিলের আকার-আকৃতিতে হঠাৎ পরিবর্তন আসা, রঙের আমূল পরিবর্তন কিংবা স্থানটি ফুলে লালচে হয়ে যাওয়া ঝুঁকিপূর্ণ। এছাড়া তিলের স্থানে ক্ষত তৈরি হওয়া বা কয়েক সপ্তাহেও না শুকানো যেকোনো অস্বাভাবিক দাগকে গুরুত্ব দিয়ে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। একজন নারী গর্ভধারণ করলে তাঁর দেহে আগে থেকে থাকা তিলগুলোই অনেকটা গাঢ় রঙের হয়ে উঠতে পারে।
এমন লক্ষণ দেখা দিলে আতঙ্কিত না হয়ে দ্রুত বিশেষজ্ঞের শরণাপন্ন হওয়া প্রয়োজন। চিকিৎসক ডার্মোস্কোপি বা বায়োপসির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করবেন। রোগ যাই হোক, সময়মতো সঠিক চিকিৎসা গ্রহণ করলে ভয়ের কিছু নেই এবং সহজেই সুস্থ হওয়া সম্ভব।





