
জুলাই গণঅভ্যুত্থানের মুখে দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেওয়া ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) জন্য আবেদন করেছেন। আগামী ডিসেম্বরে দেশে ফেরার পরিকল্পনার অংশ হিসেবে সোমবার তিনি এই আবেদন করেন বলে বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়েছে। রয়টার্সের হাতে আসা একটি চিঠির মাধ্যমে বিষয়টি সামনে আসে, যা ২০২৪ সালে দেশ ছাড়ার পর হাসিনার প্রথম আনুষ্ঠানিক যোগাযোগ হিসেবে বিবেচিত হচ্ছে।
লন্ডনভিত্তিক আইনি প্রতিষ্ঠান ম্যাট্রিক্স চেম্বার্সের আইনজীবীরা দিল্লিতে বাংলাদেশ দূতাবাসের ভারপ্রাপ্ত হাইকমিশনার প্রীতি রহমানের কাছে এই চিঠি পাঠিয়েছেন। চিঠিতে উল্লেখ করা হয়েছে, অন্তর্বর্তী সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ হাসিনার আগের পাসপোর্ট ও এনআইডি বাতিল করেছে। এখন বাংলাদেশের নাগরিকত্ব ও আন্তর্জাতিক মানবাধিকারবিষয়ক বাধ্যবাধকতা অনুসরণ করে দ্রুত নতুন পরিচয়পত্র দুটি ইস্যুর অনুরোধ জানানো হয়েছে।
আজ সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে নতুন পররাষ্ট্র সচিব সালাহউদ্দিন নোমান চৌধুরীর কাছে বিষয়টি নিয়ে জানতে চাওয়া হয়। তিনি জানান, বর্তমানে প্রধানমন্ত্রী তারেক রহমানের তুরস্ক সফর ও কপ-৩১ জলবায়ু সম্মেলন নিয়েই তাদের আলোচনার মূল ফোকাস। এ সময় তিনি স্পষ্টভাবে বলেন, হাসিনার নতুন পাসপোর্টের আবেদনের বিষয়ে তার কোনো মন্তব্য নেই। এ সময় তিনি সাংবাদিকদের বলেন, বিশ্ব জলবায়ু সম্মেলন কপ-৩১ এ যোগ দিতে দুদিনের সফরে আগামীকাল মঙ্গলবার তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজকে মূলত কপ-৩১ সম্মেলন নিয়ে কথা বলছি।
২০২৪ সালের আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হওয়ার পর শেখ হাসিনা ভারতে অবস্থান করছেন। এর আগে ২০২৫ সালের নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আন্দোলন দমনে প্রাণঘাতী অভিযানের নির্দেশ দেওয়ার অভিযোগে তাকে অনুপস্থিতিতে মৃত্যুদণ্ড দেন। তার এই দেশে ফেরার উদ্যোগ বাংলাদেশের রাজনীতিতে নতুন করে উত্তেজনার সৃষ্টি করতে পারে বলে ধারণা করা হচ্ছে। বর্তমানে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ এবং দলের অনেক নেতা-কর্মী কারাবন্দি বা পলাতক রয়েছেন। এছাড়া হাসিনাকে আশ্রয় দেওয়া নিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যকার সম্পর্কের টানাপোড়েন আরও নতুন সমীকরণের মুখে পড়তে পারে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। তার প্রত্যাবর্তনের উদ্যোগ দুই দেশের সম্পর্কের ক্ষেত্রেও নতুন সমীকরণ তৈরি করতে পারে বলে মনে করছে গণমাধ্যমটি।





