
গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে নতুন করে পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের জন্য আবেদনের বিষয়টি রাজনৈতিক অঙ্গনে আলোচনার জন্ম দিয়েছে। বিষয়টি নিয়ে সোমবার একটি ভিডিও বার্তায় নিজেদের অবস্থান ও পর্যবেক্ষণ তুলে ধরেন জামায়াতে ইসলামীর প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি এহসানুল মাহবুব জুবায়ের। তিনি বলেন, শেখ হাসিনার এই আবেদনের সুনির্দিষ্ট কারণ এখনো স্পষ্ট নয়, তবে এর পেছনে দুটি কৌশলগত উদ্দেশ্য থাকতে পারে। জুবায়েরের মতে, এটি হতে পারে দেশে ফেরার একটি কৌশল বা জনগণের মধ্যে বিভ্রান্তি ছড়ানোর প্রচেষ্টা। এছাড়া, দল ছেড়ে দেশ থেকে পালিয়ে যাওয়া শেখ হাসিনা নিজের অনুসারীদের শান্ত রাখতে অথবা দলের ওপর নিজের কর্তৃত্ব বজায় রাখার প্রয়োজনেও এই পদক্ষেপ নিতে পারেন বলে মনে করেন তিনি।
শেখ হাসিনা দেশে ফেরার ইঙ্গিত দিলে দলের ভেতর নেতৃত্বের পরিবর্তন আসার ঝুঁকি তৈরি হতে পারে, যা তিনি এড়াতে চাইছেন বলেও জুবায়ের দাবি করেন। তিনি অভিযোগ করেন, ২০০৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত আওয়ামী লীগ শাসনামলে দেশে গুম, খুন ও নির্যাতনের রাজত্ব কায়েম হয়েছিল এবং দেশের অর্থনীতি ও নির্বাচনী ব্যবস্থা ধ্বংসের মুখে পড়েছিল। তিনি আরও বলেন, বর্তমানে ভারতে অবস্থান করেও সেখান থেকে হুমকি-ধামকি দিয়ে নেতা-কর্মীদের মাধ্যমে দেশের পরিস্থিতি অস্থির করার চেষ্টা চলছে।
শেখ হাসিনার বিরুদ্ধে থাকা মামলার রায়ে মৃত্যুদণ্ডের প্রসঙ্গ টেনে জুবায়ের বলেন, আইন অনুযায়ী তিনি দেশে ফিরলে সেই রায় কার্যকর হওয়া যৌক্তিক। এটি নিশ্চিত করার দায়িত্ব রাষ্ট্র ও বিচার বিভাগের। তিনি পরামর্শ দেন, ভারতের সঙ্গে বিদ্যমান বন্দিবিনিময় বা প্রত্যর্পণ চুক্তির মাধ্যমে তাকে ফিরিয়ে এনে আইনের আওতায় আনা উচিত। শেখ হাসিনাকে ফিরিয়ে আনা এবং বিচার প্রক্রিয়া সম্পন্ন করার বিষয়ে সব রাজনৈতিক দলের মধ্যে একধরনের জাতীয় ঐক্য রয়েছে বলেও তিনি উল্লেখ করেন। জুবায়েরের মতে, ফ্যাসিবাদ যাতে পুনরায় মাথাচাড়া দিয়ে উঠতে না পারে, তা নিশ্চিত করা এখন সবার সম্মিলিত দায়িত্ব। এই অপরাধের বিচার সম্পন্ন করতে না পারলে তা সরকারের ব্যর্থতা হিসেবে গণ্য হবে এবং জনগণের ক্ষোভকে আরও উসকে দেবে।





