
বাংলাদেশের চলচ্চিত্র শিল্পে অসামান্য অবদান রাখার স্বীকৃতিস্বরূপ আজীবন সম্মাননায় ভূষিত হতে যাচ্ছেন নন্দিত অভিনেতা আশরাফ উদ্দিন আহমেদ উজ্জ্বল। সাংস্কৃতিক সাংবাদিকদের ঐতিহ্যবাহী সংগঠন কালচারাল জার্নালিস্টস ফোরাম অব বাংলাদেশ (সিজেএফবি) তাদের ২৫তম পারফরম্যান্স অ্যাওয়ার্ড অনুষ্ঠানে তাকে এই বিশেষ সম্মানে ভূষিত করার সিদ্ধান্ত নিয়েছে।
আগামী ১৬ ডিসেম্বর ঢাকার বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের হল অব ফেমে সিজেএফবি’র এই বর্ণাঢ্য আয়োজনটি অনুষ্ঠিত হবে। সেখানেই গুণী এই অভিনেতার হাতে সম্মাননার ক্রেস্ট তুলে দেওয়া হবে। সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে, গত ২৪ বছর ধরে সংস্কৃতি ও বিনোদন অঙ্গনে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে বহু বিশিষ্ট ব্যক্তিত্বকে তারা এই সম্মাননা দিয়ে আসছেন। সিজেএফবি সূত্রে জানা গেছে, এর আগে গত ২৪ বছরে দেশের সংস্কৃতি ও বিনোদন অঙ্গনের বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদান রাখা বহু বিশিষ্ট ব্যক্তিত্ব এই আজীবন সম্মাননা অর্জন করেছেন।
সেই আলোকিত তালিকায় এবার যোগ হচ্ছেন আশরাফ উদ্দিন আহমেদ উজ্জ্বল। এই সম্মাননা প্রাপ্তদের মধ্যে রয়েছেন শাহনাজ রহমতুল্লাহ, রুনা লায়লা, সাবিনা ইয়াসমিন, সৈয়দ আব্দুল হাদী, গাজী মাজহারুল আনোয়ার, আলম খান, আজম খান, আতাউল হক চৌধুরী, হুমায়ূন আহমেদ, আবদুল্লাহ আল মামুন, কবরী, সুচন্দা, সুবর্ণা মুস্তাফা, জুয়েল আইচ, গোলাম সারওয়ার, শবনম ও তারিক আনাম খানের মতো বরেণ্য শিল্পীরা।





