
ইয়েমেনের হুথি বিদ্রোহীদের চলমান সামরিক উত্তেজনা ও বিভিন্ন হামলা অবিলম্বে এবং নিঃশর্তভাবে বন্ধের আহ্বান জানিয়ে একটি প্রস্তাব গ্রহণ করেছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ। গত বৃহস্পতিবার (১২ নভেম্বর) অনুষ্ঠিত ভোটাভুটিতে নিরাপত্তা পরিষদের সদস্যরা সর্বসম্মতিক্রমে ইয়েমেন-সংশ্লিষ্ট বিদ্যমান নিষেধাজ্ঞার মেয়াদ আরও এক বছর বাড়ানোর পক্ষে মত দেন। এই নিষেধাজ্ঞার আওতায় ভ্রমণ নিষেধাজ্ঞা ও সম্পদ জব্দের মতো কঠোর ব্যবস্থা বহাল রাখার পাশাপাশি সৌদি আরবের ওপর হুথিদের অব্যাহত হামলা বন্ধের দাবি জানানো হয়েছে।
নিরাপত্তা পরিষদের এই পদক্ষেপকে আন্তর্জাতিক অবস্থানের প্রতিফলন হিসেবে অভিহিত করেছেন জিসিসির মহাসচিব জাসেম মোহাম্মদ আলবুদাইবি। শুক্রবার (১৩ নভেম্বর) এক বিবৃতিতে তিনি বলেন, হুথিদের নেতিবাচক কর্মকাণ্ড প্রত্যাখ্যান ও তাদের হামলা প্রতিরোধের ক্ষেত্রে আন্তর্জাতিক সম্প্রদায় যে শক্ত অবস্থান নিয়েছে, এই প্রস্তাবটি সেই প্রক্রিয়াকে আরও সুসংহত করবে।
বিবৃতিতে জিসিসি মহাসচিব হুথিদের সব ধরনের সামরিক তৎপরতা বন্ধের পাশাপাশি বেসামরিক নাগরিকদের সুরক্ষা নিশ্চিত করার আহ্বান জানান। এছাড়া আন্তর্জাতিক নৌ-চলাচলের নিরাপত্তা ও আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখার ওপর জোর দেন তিনি। ইয়েমেনের সার্বভৌমত্ব, জাতীয় ঐক্য এবং নিরাপত্তা রক্ষায় দেশটির আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের প্রতি জিসিসির পূর্ণ সমর্থন পুনর্ব্যক্ত করেন আলবুদাইবি। নিরাপত্তা পরিষদের গৃহীত এই প্রস্তাবকে হুথিদের বিরুদ্ধে কঠোর বার্তারূপে দেখছেন সংশ্লিষ্ট কূটনীতিকরা।





