২৯ কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

শাহজালালে কোটি টাকার চোরাচালান পণ্যসহ আটক ৩ যাত্রী

Published: November 14, 2026, 5:35 pm

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে চোরাচালান রোধে নজরদারি জোরদার করেছে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। এর ধারাবাহিকতায় গত বৃহস্পতিবার বিমানবন্দরে পৃথক তিনটি অভিযান চালিয়ে এক কোটি ১২ লাখ ৭৬ হাজার ৮৩৪ টাকা সমমূল্যের বিভিন্ন পণ্য আটক করা হয়েছে। জব্দ করা পণ্যের মধ্যে ৪৭১ গ্রাম ওজনের স্বর্ণের বার এবং ৩৫টি স্মার্টফোন রয়েছে। শুক্রবার কাস্টমস গোয়েন্দার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংস্থাটি জানায়, ইউএস-বাংলা এয়ারলাইন্সের বিএস-২১৮ ফ্লাইটে ব্যাংকক থেকে আসা যাত্রী মো. আবুল হোসেনের ব্যাগেজে তল্লাশি চালিয়ে ১৭১ গ্রাম স্বর্ণের বার পাওয়া যায়।

এছাড়া তার কাছে থাকা ওষুধ, কসমেটিকস ও খাদ্যদ্রব্যসহ মোট ৩৫ লাখ ৭০ হাজার টাকা মূল্যের পণ্য জব্দ করা হয়। একই দিন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-৩৮৯ ফ্লাইটে ব্যাংকক থেকে ঢাকায় আসা যাত্রী শাহ আলম আজিজের ব্যাগেজ থেকে ৩০০ গ্রাম স্বর্ণের বার, স্যামসাং, অনার ও রিয়ালমি ব্র্যান্ডের ৩৫টি স্মার্টফোন, ৩৬ কেজি সাবান ও ৬ কেজি ৩৭৫ গ্রাম কসমেটিকস পাওয়া যায়। কর পরিশোধ ও নিয়ম অনুযায়ী ১০০ গ্রাম স্বর্ণ ছাড় দেওয়ার পর অবশিষ্ট পণ্যের মূল্য ধরা হয়েছে ৫৫ লাখ ৩০ হাজার টাকা। প্রযোজ্য কর পরিশোধ ও পাসপোর্টে এন্ট্রি সাপেক্ষে ১০০ গ্রাম স্বর্ণের বার ছাড় দিয়ে অতিরিক্ত পণ্য আটক করা হয়।

একই ফ্লাইটের আরেক যাত্রী উম্মা হানির ব্যাগেজে তল্লাশি চালিয়ে ২০০ গ্রাম স্বর্ণের বার ও ৪০ কেজি ৪৮০ গ্রাম সাবান পাওয়া গেছে। নিয়ম অনুযায়ী ১০০ গ্রাম স্বর্ণ ছাড় দিয়ে বাকি পণ্য জব্দ করা হয়েছে, যার আনুমানিক মূল্য ২১ লাখ ৭৭ হাজার টাকা। কাস্টমস কর্তৃপক্ষ জানিয়েছে, যাত্রী ব্যাগেজের আড়ালে স্বর্ণ ও স্মার্টফোন চোরাচালানের এই প্রবণতা রাজস্ব ফাঁকির বড় ঝুঁকি তৈরি করছে। প্রতিটি চালানের পরিমাণ কম মনে হলেও সম্মিলিতভাবে এসব চোরাচালান বড় অংকের রাজস্বের ক্ষতি করছে। আইন প্রয়োগকারী সংস্থাগুলো এখন এ ধরনের ছোট চালানের ওপর বাড়তি নজর দিচ্ছে।