১১ আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

ফেডারেশন কাপে নবাগত চট্টগ্রাম সিটির কাছে আটকে গেল আবাহনী

Published: September 25, 2026, 8:10 pm

মুন্সীগঞ্জের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে ফেডারেশন কাপের ম্যাচে ১২ বারের চ্যাম্পিয়ন আবাহনী লিমিটেডকে ১-১ গোলে রুখে দিয়েছে নবাগত চট্টগ্রাম সিটি ক্লাব। শীর্ষ পর্যায়ের ফুটবলে প্রথমবারের মতো খেলতে নামা দলটির জন্য এই ড্র বড় স্বস্তির। এর আগে বাংলাদেশ ফুটবল লীগে নিজেদের প্রথম ম্যাচে ফর্টিস এফসির কাছে ৬-০ গোলের বড় ব্যবধানে হার দেখেছিল তারা।

ম্যাচের প্রথমার্ধ গোলশূন্য থাকলেও দ্বিতীয়ার্ধে লড়াই জমে ওঠে। ৫৩ মিনিটে নাজমুল হুদা ফয়সালের গোলে আবাহনী এগিয়ে গেলেও সেই লিড বেশিক্ষণ স্থায়ী হয়নি। দশ মিনিট পর ৬৩ মিনিটে নাইজেরিয়ান ফরোয়ার্ড ওনরেবে রাফায়েল গোল করে চট্টগ্রাম সিটিকে সমতায় ফেরান। ৩৩ বছর বয়সী এই ফরোয়ার্ডের গোলের পর ম্যাচের বাকি সময়ে কোনো দলই আর ব্যবধান গড়তে পারেনি। ৬৩ মিনিটে সমতা নবাগতদের সমতায় ফেরান ওনরেবে রাফায়েল। ৩৩ বছর বয়সী নাইজেরিয়ান ফরোয়ার্ডের গোলের পর ম্যাচের বাকি সময়ে আর কোনো দলই ব্যবধান গড়তে না পারায় ১-১ সমতায় শেষ হয় খেলা।

আবাহনীকে রুখে দেওয়ার পর চট্টগ্রাম সিটির ফুটবলার মেহেদি হাসান মিঠু বলেন, আলহামদুলিল্লাহ গত ম্যাচের চেয়ে আমরা এই ম্যাচে ভালো খেলেছি। আশা করি, সামনের ম্যাচগুলোতে আরও উন্নতি করব। আবাহনী সব সময় শক্ত প্রতিপক্ষ। লীগ টেবিলে সেরা তিন-চার দলের মধ্যে থাকাই আমাদের লক্ষ্য।

উল্লেখ্য, ফেডারেশন কাপের উদ্বোধনী দিন ২২শে সেপ্টেম্বর এই ম্যাচটি হওয়ার কথা থাকলেও আবাহনীর আবেদনের প্রেক্ষিতে বাফুফে দুই দফা সূচি বদলায়। মৌসুমের শুরুতে দল গঠন নিয়ে সংকটে পড়া আবাহনী ফিফার নিষেধাজ্ঞা কাটিয়ে স্কোয়াড সাজালেও লীগ শুরুর আগে মাত্র দুই দিন অনুশীলনের সুযোগ পেয়েছিল। যার প্রভাব প্রথম রাউন্ডেও পড়েছে; যেখানে শেখ মোরসালিন ও মিতুল মারমাকে ছাড়া পিডব্লিউডির বিপক্ষে গোলশূন্য ড্র করেছিল মারুফুল হকের দল। ফেডারেশন কাপেও পূর্ণ শক্তির দল না পাওয়ায় তুলনামূলক দুর্বল প্রতিপক্ষের বিপক্ষে জয় তুলে নিতে ব্যর্থ হয়েছে তারা। এ গ্রুপে আবাহনীর সঙ্গী ফর্টিস এফসি, রহমতগঞ্জ, ব্রাদার্স ইউনিয়ন, ফকিরেরপুল ও চট্টগ্রাম সিটি। এই গ্রুপে শিরোপা খরা কাটানোর লক্ষ্য নিয়ে নামা আবাহনীর জন্য প্রথম ম্যাচেই পূর্ণ পয়েন্ট না পাওয়াটা বেশ বড় ধাক্কা হিসেবেই দেখা দিচ্ছে। সূচি নিয়ে নাটকীয়তার পর মাঠে গড়ায় আবাহনী লিমিটেড ও চট্টগ্রাম সিটি ক্লাবের মধ্যকার ম্যাচ।