
ছাদভিত্তিক সৌরবিদ্যুতের ব্যবহার ও উৎপাদন বাড়াতে আগামী জাতীয় সংসদ অধিবেশনেই প্রয়োজনীয় আইন পাস করা হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। শনিবার (৩১ অক্টোবর) ঢাকায় আয়োজিত এক গোলটেবিল বৈঠকে তিনি এ কথা বলেন। মন্ত্রী জানান, দেশে সৌরবিদ্যুতের প্রসারে সরকার বিশেষ অগ্রাধিকার দিচ্ছে এবং এ লক্ষ্যে স্থানীয় সরকার, স্বাস্থ্য বিভাগ ও জেলা প্রশাসনকে কার্যকর নির্দেশ দেওয়া হয়েছে।
বৈশ্বিক পরিস্থিতির কারণে সৃষ্ট জ্বালানি ও বিদ্যুৎ সংকট রাতারাতি দূর করা সম্ভব নয় উল্লেখ করে মন্ত্রী বলেন, পরিস্থিতি মোকাবিলায় সরকার নিরলসভাবে কাজ করছে। মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির প্রভাবে তৈরি হওয়া বৈশ্বিক জ্বালানি সংকট কাটাতে নাগরিকদের বিদ্যুৎ ও গ্যাস সরবরাহ নিরবচ্ছিন্ন রাখার ওপর সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। এ সময় জনগণের জ্বালানি ব্যয়ের চাপ কমাতে সরকার ভর্তুকি প্রদানের সিদ্ধান্ত নিয়েছে বলে জানান তিনি।
জ্বালানি ঘাটতি মেটাতে সরকারের ভবিষ্যৎ পরিকল্পনার কথা তুলে ধরে ইকবাল হাসান মাহমুদ বলেন, চাহিদা বিবেচনা করে আরও ভাসমান এলএনজি টার্মিনাল বা এফএসআরইউ স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। এগুলো গ্যাস সরবরাহের ঘাটতি কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এছাড়া ভালুকায় ইতোমধ্যে ডোমেস্টিক রুফটপ সোলার কর্মসূচি চালু করা হয়েছে, যা ঘরে ঘরে সৌরবিদ্যুৎ পৌঁছে দিতে ভূমিকা রাখবে। স্থানীয় পর্যায়ে এই সেবা পৌঁছে দেওয়ার জন্য বর্তমানে ৮ হাজার ৬০০ সার্ভিস প্রোভাইডার তালিকাভুক্ত করা হয়েছে, যা একইসঙ্গে নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করছে।
সোলার প্যানেলের গুণগত মান নিশ্চিত করার বিষয়ে সরকার কঠোর ও সচেতন রয়েছে বলে জানান মন্ত্রী। তিনি বলেন, জনস্বার্থ রক্ষায় বাজারে সরবরাহকৃত সৌরবিদ্যুৎ পণ্যের মানের ওপর বিশেষ নজরদারি রাখা হবে। চলমান প্রতিকূল পরিস্থিতি ও জ্বালানি খাতের চ্যালেঞ্জ মোকাবিলা করে নাগরিক জীবন স্বাভাবিক ও স্বস্তিদায়ক রাখতে সরকার সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছে বলেও তিনি আশ্বস্ত করেন।





