
মিরপুর টেস্টের দ্বিতীয় ইনিংসে ফিল্ডিংয়ের সময় মাথায় আঘাত পান মুমিনুল হক। কনকাশন প্রটোকল অনুযায়ী, মাথায় আঘাত পেয়ে কনকাশন শনাক্ত হলে একজন খেলোয়াড়কে মাঠে ফেরার আগে অন্তত ৭ দিন বাধ্যতামূলক বিশ্রামে থাকতে হয়। এই নিয়মের কারণেই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিলেট টেস্টের দল থেকে ছিটকে গেছেন এই ব্যাটার। তাঁর জায়গায় কনকাসশন সাব হিসেবে খেলেন জাকের আলী।
মুমিনুলের পরিবর্তে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) অমিত হাসানকে দলে অন্তর্ভুক্ত করেছে। প্রথম টেস্টের দল থেকে এটিই একমাত্র পরিবর্তন। ডানহাতি ব্যাটার অমিত এর আগে গত জুনে জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট অভিষেক করেছিলেন, যেখানে দুই ইনিংসে তাঁর সংগ্রহ ছিল যথাক্রমে ৪ ও ২৫ রান। এরপর অস্ট্রেলিয়া ও আফগানিস্তানের বিপক্ষে এবং ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে প্রথম টেস্টের দলে জায়গা পাননি তিনি। জাতীয় ক্রিকেট লিগে সিলেট বিভাগের হয়ে দারুণ ছন্দে থাকা অমিত চলতি আসরের ৫ ইনিংসে এক ডাবল সেঞ্চুরিসহ ৩৬১ রান করেছেন। ওই ম্যাচে প্রথম ইনিংসে ৪ ও দ্বিতীয় ইনিংসে ২৫ রান করে আউট হন এই ডান হাতি ব্যাটসম্যান। জাতীয় ক্রিকেট লিগের চলমান রাউন্ডেও খেলছেন অমিত।





