
সাউথ এশিয়ান ইউনিভার্সিটির (এসএইউ) গভর্নিং বোর্ডের চেয়ারম্যান পদে নির্বাচিত হওয়ার গৌরব অর্জন করায় বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান প্রফেসর ড. মামুন আহমেদকে বিশেষ সংবর্ধনা দিয়েছে ইউজিসি অফিসার্স অ্যাসোসিয়েশন। রোববার কমিশনের নিজস্ব সম্মেলন কক্ষে আয়োজিত এই আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। অনুষ্ঠানে বক্তারা বলেন, সার্কের উদ্যোগে ভারতের নয়াদিল্লিতে প্রতিষ্ঠিত এই আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ের গভর্নিং বোর্ডে বাংলাদেশের একজন প্রতিনিধির নেতৃত্ব গ্রহণ উচ্চশিক্ষা খাতে আঞ্চলিক সহযোগিতা ও আন্তর্জাতিক সম্পৃক্ততা বৃদ্ধির একটি বড় মাইলফলক।
উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউজিসির সদস্য প্রফেসর ড. মাছুমা হাবিব ও প্রফেসর ড. মো. আসলাম হোসেন। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন ইউজিসি সচিব ড. মো. ফখরুল ইসলাম। এছাড়াও সমসাময়িক প্রাসঙ্গিক বিষয়ে আলোচনা করেন ইউজিসির পাবলিক বিশ্ববিদ্যালয় ম্যানেজমেন্ট বিভাগের অতিরিক্ত পরিচালক এবং অফিসার্স অ্যাসোসিয়েশনের সভাপতি ড. মো. মহিবুল আহসান। অনুষ্ঠানটির সঞ্চালনা করেন ইউজিসির জনসংযোগ ও প্রকাশনা বিভাগের উপপরিচালক এবং অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. গোলাম দস্তগীর।
সম্মাননার জবাবে ড. মামুন আহমেদ বলেন, বাংলাদেশের প্রতিনিধি হিসেবে সাউথ এশিয়ান ইউনিভার্সিটির গভর্নিং বোর্ডের চেয়ারম্যান হওয়া তার জন্য অত্যন্ত সম্মানের। তিনি দায়িত্ব পালনের ক্ষেত্রে দক্ষিণ এশীয় দেশগুলোর বিশ্ববিদ্যালয় ও উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি, যৌথ গবেষণার ক্ষেত্র প্রসারিত করা এবং জ্ঞান ও অভিজ্ঞতার বিনিময় নিশ্চিত করার ওপর জোর দিয়েছেন। এই উদ্যোগের মাধ্যমে দক্ষিণ এশিয়ার উচ্চশিক্ষা ও গবেষণার উৎকর্ষ সাধনে তিনি কার্যকর ভূমিকা রাখবেন বলে আশা ব্যক্ত করেন।
উল্লেখ্য, গত ৮ ও ৯ অক্টোবর ভারতের নয়াদিল্লিতে সাউথ এশিয়ান ইউনিভার্সিটির গভর্নিং বোর্ডের ১৬তম সভা অনুষ্ঠিত হয়। সেই সভায় প্রফেসর ড. মামুন আহমেদকে পরবর্তী দুই বছরের মেয়াদে বোর্ডের চেয়ারম্যান হিসেবে নির্বাচিত করা হয়। তিনি এ গুরুত্বপূর্ণ দায়িত্বে শ্রীলঙ্কার প্রতিনিধি অধ্যাপক কাপিলা সেনেভিরত্নের উত্তরসূরি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন। তার এই নির্বাচন বাংলাদেশের জন্য আন্তর্জাতিক পর্যায়ে উচ্চশিক্ষার প্রসারে নতুন দিগন্ত উন্মোচন করবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।





