
ঢাকায় পুলিশ সদর দপ্তরে কর্মরত উপপরিদর্শক (এসআই) মো. আসাদুজ্জামান বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ হারিয়েছেন। শনিবার সকালে ছুটি নিয়ে গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার হরিপুর গ্রামে নিজের বাড়িতে আসেন তিনি। সন্ধ্যায় বিদ্যুৎ চলে গেলে আইপিএস মেরামত করার সময় অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনি মেঝেতে লুটিয়ে পড়েন।
পরিবারের সদস্যরা দ্রুত তাঁকে উদ্ধার করে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক জানান, খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে পরিদর্শন করেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ গাইবান্ধা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে এবং আইনি প্রক্রিয়া শেষে তা পরিবারের কাছে হস্তান্তর করা হবে।





