১৯ কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

সাভারে শ্রমিক বিক্ষোভ: পুলিশের গাড়িতে অগ্নিসংযোগ, আহত ওসি

Published: November 4, 2026, 3:11 pm

ঢাকার সাভারে ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণসহ বিভিন্ন দাবিতে বিক্ষোভকারী শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে। বুধবার সকালে হেমায়েতপুরের পদ্মার মোড় এলাকায় এই উত্তেজনা সৃষ্টি হয়। পরিস্থিতি সামাল দিতে গিয়ে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করলে শ্রমিকদের সঙ্গে পাল্টাপাল্টি ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। একপর্যায়ে ক্ষুব্ধ শ্রমিকেরা পুলিশের একটি গাড়িতে অগ্নিসংযোগ করেন।

ঢাকা জেলা পুলিশ সুপার (এসপি) শামীমা পারভীন জানান, সকালে পদ্মার মোড় এলাকায় দুই দিক থেকে প্রায় ৩০ থেকে ৪০ হাজার শ্রমিক জড়ো হয়ে পুলিশের ওপর চড়াও হন। পুলিশ এ সময় প্রতিরোধের চেষ্টা করলে আন্দোলনকারীরা সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলামের গাড়িতে হামলা ও আগুন ধরিয়ে দেয়। পুলিশের এই কর্মকর্তা হামলায় গুরুতর আহত হয়েছেন। এছাড়া উভয় পক্ষের সংঘর্ষে আরও বেশ কয়েকজন শ্রমিক ও পুলিশ সদস্য আহত হয়েছেন বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, হেমায়েতপুর থেকে সিংগাইর সড়কে শ্রমিকদের সরিয়ে দেওয়ার সময় পুলিশের সঙ্গে শ্রমিকদের উত্তপ্ত বাক্য বিনিময় হয়। পরবর্তীতে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে সংঘর্ষ রূপ নেয়। বর্তমানে পুরো এলাকা জুড়ে চরম উত্তেজনা বিরাজ করছে এবং অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।