
রাজধানীর উত্তরখানের তুরাগ নদের রাজবাড়ি ঘাট থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা কেএম তাহসিফ সাউরির (২৮) মরদেহ উদ্ধারের পর চাঞ্চল্যকর তথ্য পেয়েছে পুলিশ। এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য বর্তমানে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) হেফাজতে রয়েছেন তাহসিফের ঘনিষ্ঠ বন্ধু আহমেদ শাহরিয়ার রেজা দীপ। পুলিশের এক কর্মকর্তা জানিয়েছেন, দীপকে নিয়ে বেশ কয়েকটি ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে এবং তিনি তদন্তের স্বার্থে গুরুত্বপূর্ণ কিছু তথ্য দিয়েছেন। ঢাকার উত্তর খানের তুরাগের নদের রাজবাড়ী ঘাট থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা কেএম তাহসিফ সাউরির (২৮) লাশ উদ্ধার করা হয়েছে, এর কাছের এলাকায় একটি মোটরসাইকেল পাওয়া গেছে। নাম প্রকাশে অনিচ্ছুক পুলিশের এক কর্মকর্তা বলেন, দীপকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে এবং তাকে নিয়ে বেশ কয়েকটি স্পটে গিয়েছি।
তদন্ত কর্মকর্তাদের কাছে দেওয়া জবানবন্দিতে দীপ দাবি করেন, ঘটনাস্থলে থাকাকালীন তাহসিফের সঙ্গে কথা বলার সময় পুলিশের কিছু সদস্য তাদের ধাওয়া দেয়। এ সময় আতঙ্কে তাহসিফ নদীতে ঝাঁপ দেন এবং দীপ দ্রুত ওই স্থান থেকে পালিয়ে আসেন। তবে দীপের দেওয়া এই বক্তব্যের সত্যতা যাচাই-বাছাই করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। পাশাপাশি ঘটনাস্থল ও আশেপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে বিশ্লেষণের কাজ চলছে।
এদিকে, গত বৃহস্পতিবার গভীর রাতে নদের পাড়ের টঙ্গীর মাজার বস্তি এলাকা থেকে একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে, যা লাশ উদ্ধারের স্থান থেকে প্রায় ৫০ গজ দূরে ছিল। মোটরসাইকেলটি উত্তরখান থানায় নেওয়া হয়েছে। পিবিআই সদর দপ্তরের বিশেষ পুলিশ সুপার মো. আবু ইউসুফ জানিয়েছেন, এটি তাহসিফের কি না তা যাচাই করা হচ্ছে, তবে প্রাথমিকভাবে এটি তারই হওয়ার সম্ভাবনা রয়েছে। এই ঘটনায় নৌ-পুলিশকে সার্বিক সহযোগিতা করছে পিবিআই। ধারণা করা হচ্ছে, রাজবাড়ি ঘাট মাদকপ্রবণ এলাকা হওয়ায় মাদক কারবারিদের ধাওয়ার মুখে পড়ে তাহসিফ নদীতে ডুবে থাকতে পারেন।
উল্লেখ্য, গত মঙ্গলবার সন্ধ্যায় তাহসিফ উত্তরা থেকে বের হওয়ার পর রাত ১টা ৩৫ মিনিটে মাকে ভয়েস মেসেজ পাঠিয়ে জানিয়েছিলেন তিনি বাসায় ফিরছেন। তবে এরপর আর ফেরেননি তিনি। ছেলের রহস্যজনক মৃত্যুর ঘটনায় তার বাবা কেএম এনায়েতুল করিম এটি আত্মহত্যা নয় বলে দাবি তুলেছেন। সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের বিচারের আওতায় আনার দাবি জানিয়েছেন তিনি।





