৫ আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

নিরাপত্তা ও সামরিক সহযোগিতা বাড়াতে রিয়াদে কাতার-সৌদি বৈঠক

Published: September 19, 2026, 7:14 pm

নিরাপত্তা ও সামরিক খাতের দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও শক্তিশালী করার লক্ষ্যে সৌদি আরবের রাজধানী রিয়াদে এক উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এতে কাতারের স্বরাষ্ট্রমন্ত্রী ও অভ্যন্তরীণ নিরাপত্তা বাহিনী ‘লেখউইয়া’-এর কমান্ডার শায়খ খলিফা বিন হামাদ বিন খলিফা আল থানি এবং সৌদি আরবের স্বরাষ্ট্রমন্ত্রী প্রিন্স আব্দুল আজিজ বিন সৌদ বিন নায়েফ বিন আব্দুল আজিজ আল সৌদ অংশগ্রহণ করেন।

কাতার-সৌদি সমন্বয় কাউন্সিলের নিরাপত্তা ও সামরিক কমিটির চতুর্থ সভার অংশ হিসেবে আয়োজিত এই বৈঠকে দুই দেশের পারস্পরিক সামরিক ও নিরাপত্তা সহযোগিতা বৃদ্ধির বিভিন্ন কৌশল ও উপায় নিয়ে আলোচনা করা হয়। বৈঠক শেষে নিরাপত্তা ও সামরিক কমিটির চতুর্থ সভার কার্যবিবরণী বা মিনিটস স্বাক্ষর করেন উভয় দেশের মন্ত্রীরা। এই স্বাক্ষরের মধ্য দিয়ে দুই দেশের যৌথ নিরাপত্তা অংশীদারিত্বের পরিধি আরও এক ধাপ প্রসারিত হলো।

এর পাশাপাশি ক্রীড়াঙ্গনেও কাতারের সম্পৃক্ততা বজায় রয়েছে। সম্প্রতি এশিয়ান গেমসের টর্চ রিলেতে অংশ নিয়েছেন শেখ জোয়ান। এছাড়া জাপানে অনুষ্ঠিতব্য আসন্ন এশিয়ান গেমস আসরে কাতার থেকে মোট ১৬ জন অ্যাথলেট অংশ নেবেন বলে নিশ্চিত হওয়া গেছে।