২ আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশ ইনোভেশন ফেয়ারে সেরার স্বীকৃতি পেল এআইইউবি

Published: September 17, 2026, 8:21 pm

রাজধানীর নভোথিয়েটারে আয়োজিত ‘বাংলাদেশ ইনোভেশন ফেয়ার ২০২৬’-এ ইউনিভার্সিটি ইনোভেশন এক্সিবিশন অ্যাওয়ার্ড জিতে নিয়েছে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ (এআইইউবি)। দেশের ৭০টিরও বেশি সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অংশগ্রহণে আয়োজিত এই প্রতিযোগিতায় সেরা পাঁচটি বিশ্ববিদ্যালয়ের একটি হিসেবে এআইইউবিকে এই সম্মানে ভূষিত করা হয়েছে। ১২ থেকে ১৪ সেপ্টেম্বর পর্যন্ত অনুষ্ঠিত তিন দিনব্যাপী এই মেলার মূল প্রতিপাদ্য ছিল ‘ইনোভেট টু মার্কেট’।

বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত এই মেলার প্রধান লক্ষ্য ছিল প্রযুক্তিগত ও গবেষণামূলক উদ্ভাবনকে বাস্তব এবং বাজারমুখী সমাধানে রূপদান করা। একই সঙ্গে উদ্ভাবক ও উদ্যোক্তাদের মধ্যে নতুন সম্ভাবনার পথ তৈরি করতে এই আসর গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। মেলায় গবেষক, শিক্ষার্থী, শিক্ষাবিদ, নীতিনির্ধারক ও বিনিয়োগকারীদের মিলনমেলায় পরিণত হয় নভোথিয়েটার প্রাঙ্গণ।

মেলা চলাকালীন এআইইউবি তাদের নিজস্ব স্টলে বিভিন্ন উদ্ভাবনী প্রযুক্তিগত সমাধান ও প্রকল্প প্রদর্শন করে। ডাক ও টেলিযোগাযোগ, তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী ফকির মাহবুব আনাম এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব মো. আনোয়ার হোসেন এআইইউবির স্টল পরিদর্শন করেন। পরিদর্শনকালে তাঁরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের তৈরি বিভিন্ন প্রকল্প ও গবেষণালব্ধ উদ্ভাবনগুলো পর্যবেক্ষণ করেন এবং এগুলোর কার্যকারিতা সম্পর্কে ধারণা নেন। উচ্চশিক্ষা ও গবেষণার ক্ষেত্রে এআইইউবির এই স্বীকৃতি বিশ্ববিদ্যালয়ের প্রযুক্তিগত একাডেমিক কার্যক্রমের ধারাবাহিক সাফল্যেরই প্রতিফলন।