২০ আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

মালয়েশিয়ায় পাহাড়ি ধসে নিখোঁজ বাংলাদেশি কর্মীর মৃত অবস্থায় পাওয়ার

Published: October 5, 2026, 2:42 pm

মালয়েশিয়ার লোজিন হাইল্যান্ডসে একটি সবজি খামারে পাহাড়ধসের ঘটনায় মাটিচাপা পড়ে মো. ফাহাদ হোসেন (২৭) নামের এক বাংলাদেশি কর্মীর মৃত্যু হয়েছে। গত শুক্রবার পাহাড়ধসের ঘটনার পর থেকেই তিনি নিখোঁজ ছিলেন। ঘটনার দুই দিন পর রোববার দুপুরে স্থানীয় ফায়ার অ্যান্ড রেসকিউ বিভাগের কে-নাইন ইউনিটের একটি প্রশিক্ষণপ্রাপ্ত ট্র্যাকার কুকুর ‘ফ্র্যাঙ্কি’র সহায়তায় উদ্ধারকর্মীরা মাটির গভীর থেকে তার মরদেহ খুঁজে পান। নিহত ওই যুবকের নাম মো. ফাহাদ হোসেন (২৭)। উদ্ধারকাজে ‘ফ্র্যাঙ্কি’ নামের একটি অনুসন্ধানী কুকুর গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

গুয়া মুসাং জেলা পুলিশ প্রধান সুপারিনটেনডেন্ট সিক চুন ফু জানান, রোববার দুপুর ১২টা ৫৫ মিনিটে তল্লাশি দল তার মরদেহ উদ্ধার করে। নিখোঁজ ফাহাদকে উদ্ধারে রোববার সকাল ৮টা থেকে উদ্ধারকাজ পুরোদমে শুরু হয়। অভিযানে ফায়ার সার্ভিসের ২০ জন কর্মী, তিনটি ট্র্যাকার কুকুর ও একটি খননকারী যন্ত্র বা এক্সেভেটর ব্যবহার করা হয়। আইনি প্রক্রিয়া ও ময়নাতদন্তের জন্য ফাহাদের মরদেহ স্থানীয় হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।